ছাত্রদলের নবগঠিত ১৭১ সদস্যের কমিটি বাতিলের দাবিতে গতকাল শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ করেছেন একাংশের নেতা-কর্মীরা। নতুন কমিটির দুই নেতাকে ক্যাম্পাসে মারধর করেন তাঁরা। পৃথক ঘটনায় তাঁরা ক্যাম্পাসে আরও দুজনকে লাঞ্ছিত করেন।জানা গেছে, ছাত্রদলের এবারের কমিটিতে পদবঞ্চিতরা গতকাল নতুন কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেন। সমাবেশে তাঁরা নতুন কমিটিকে ‘জাল’ আখ্যা দিয়ে সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুসহ তাঁর অনুগতদের ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করেন। দুপুর সাড়ে ১২টার দিকে তাঁরা টুকুর কুশপুত্তলিকাও দাহ করেন। কমিটি বাতিল না করা পর্যন্ত লাগাতার আন্দোলনের হুমকিও দেন এই অংশের নেতারা। এর আগে গতকাল বেলা সাড়ে ১১টার দিকে বিক্ষুব্ধ ছাত্ররা বিশ্ববিদ্যালয়ের ডাকসু ভবনের সামনে নবগঠিত কমিটির আপ্যায়ন সম্পাদক রুহুল ইসলাম ও সহ-দপ্তর সম্পাদক জিয়াউর রহমানকে বেধড়ক মারধর করেন। আহতাবস্থায় দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে দুপুর ১২টার দিকে ফুলার রোডে নতুন কমিটির স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক এজমানুল হক ও মহিদুল ইসলামসহ কয়েকজনকে লাঞ্ছিত করেন বিক্ষুব্ধরা। ছাত্রদলের বিক্ষুব্ধ নেতা ও সাবেক সমাজসেবা সম্পাদক আহসান উদ্দিন বলেন, ‘আগের কমিটির অনেক ত্যাগী নেতা-কর্মীকে নতুন কমিটিতে পদ দেওয়া হয়নি। বহিরাগত, ব্যবসায়ী, ঠিকাদারদের নিয়ে নতুন কমিটি করা হয়েছে। তাই পদবঞ্চিতরা নতুন কমিটিকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করেছে।’