নতুন কমিটি বাতিলের দাবিতে আজ প্রতিবাদ সমাবেশ
ঢাকার নবাবগঞ্জ উপজেলা যুবলীগের নতুন কমিটি বাতিলের দাবিতে আজ শনিবার পদবঞ্চিত নেতা-কর্মীরা প্রতিবাদ সমাবেশ ডেকেছেন।দলীয় সূত্রে জানা গেছে, গত রোববার ঢাকায় স্থানীয় সাংসদ গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আবদুল মান্নান খানের বাসায় কেন্দ্রীয় যুবলীগের সাংগঠনিক সম্পাদক এবং ঢাকা জেলা যুবলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক বৈঠক করেন। সেখানে নবাবগঞ্জ উপজেলা যুবলীগের আহ্বায়ক কমিটি ভেঙে নতুন কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে সারোয়ার হোসেনকে সভাপতি ও নূরে আলমকে সাধারণ সম্পাদক করা হয়েছে। সাংগঠনিক সম্পাদক করা হয়েছে আসাদুজ্জামান বাবুকে।এদিকে নতুন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তুলেছেন পদবঞ্চিত নেতা-কর্মীরা। গতকাল তাঁরা উপজেলার প্রেসক্লাব চত্বরে সমবেত হয়ে কমিটি বাতিলের দাবিতে আজ শহীদ মিনার চত্বরে সমাবেশের ঘোষণা দেন।পদবঞ্চিত নেতা শেখ জালাল উদ্দিন অভিযোগ করেন, এক-এগারোর পরে এবং গত জাতীয় নির্বাচনে যাঁরা দলের জন্য কাজ করেননি, নতুন কমিটিতে তাঁরাই জায়গা পেয়েছেন। তিনি অবিলম্বে এই কমিটি বাতিল করে তৃণমূল নেতা-কর্মীদের উপস্থিতিতে সম্মেলনের মাধ্যমে কমিটি ঘোষণার দাবি জানান। একই দাবি জানিয়েছেন বিগত আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক ফরহাদ কবীর, শাহীন খান প্রমুখ। এসব অভিযোগ অস্বীকার করে নতুন কমিটির সাধারণ সম্পাদক নূরে আলম বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়ায় এই কমিটি গঠন করা হয়েছে।