কুড়িগ্রাম জেলা ছাত্রলীগের নতুন কমিটি বাতিলের দাবিতে গতকাল শনিবার বিক্ষোভ মিছিল ও অনশন কর্মসূচি পালন করেছেন পদ না-পাওয়া নেতা-কর্মীরা।
প্রত্যক্ষদর্শী ও জেলা ছাত্রলীগ সূত্রে জানা গেছে, দুপুরে জেলা ছাত্রলীগের ব্যানারে বিক্ষোভ মিছিলটি জেলা পরিষদ বিপণিবিতানের সামনে থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে তাঁরা কেন্দ্রীয় শহীদ মিনারে অনশন কর্মসূচিতে অংশ নেয়। দুপুর ১২টা থেকে এ অনশন শুরু হয়। বেলা তিনটায় জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ অনশনকারীদের মুখে ফলের রস দিয়ে অনশন ভঙ্গ করান।
৮ নভেম্বর কুড়িগ্রাম টাউন হলে জেলা ছাত্রলীগের বার্ষিক সম্মেলন হয়। সভাপতি ও সাধারণ সম্পাদক পদে আটজন প্রার্থী ছিল। কাউন্সিলর ছিল ৪০১ জন। দ্বিতীয় অধিবেশনে প্রার্থী নির্বাচন ও প্রত্যক্ষ ভোটাভুটি নিয়ে বিরোধ দেখা দেয়। একপর্যায়ে একদল দুর্বৃত্তদের হাতে লাঞ্ছিত হন সাবেক কেন্দ্রীয় দপ্তর সম্পাদক কামরুল হাসান। এ পরিস্থিতিতে রাত সাড়ে আটটার দিকে কেন্দ্রীয় নেতারা কাউন্সিলের কার্যক্রম স্থগিত করে ঢাকা চলে যান। কেন্দ্রীয় নেতারা ৯ নভেম্বর ঢাকা থেকে নতুন জেলা কমিটি ঘোষণা করেন। এ কমিটিতে জেলা ছাত্রলীগের সভাপতি পদে খন্দকার মো. ওয়াহিদ্দুন্নবী ও সম্পাদক পদে শফিকুল ইসলামের নাম ঘোষণা করা হয়।
কর্মসূচি চলাকালে জেলা ছাত্রলীগের বিদায়ী সাধারণ সম্পাদক মমিনুর রহমান জানান, তাঁরা অবিলম্বে এই পকেট কমিটি বাতিল করে কাউন্সিলরদের ভোটে নতুন কমিটি গঠনের দাবি জানাচ্ছেন।