চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটি থেকে কয়েকজন অভিজ্ঞ নেতা বাদ পড়েছেন। এ নিয়ে বিএনপিতে দ্বন্দ্ব ও কোন্দল চরম আকার ধারণ করেছে বলে দলীয় সূত্রে জানা গেছে। এ অবস্থায় আজ সোমবার দুপুরে দলীয় কার্যালয় নাসিমন ভবনে পূর্ণাঙ্গ কমিটির সভা ডাকা হয়েছে। সভায় বাদ যাওয়া নেতারা এ বিষয়ে প্রতিবাদ জানাতে পারেন। দলীয় সূত্র জানায়, উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ইনাম-উল হক, অধ্যাপক ইউনুস চৌধুরী, চাকসুর ভিপি নাজিমউদ্দিন, আবু তাহের, জসীমউদ্দিন সিকদার, এম আলাউদ্দিনসহ কয়েকজন অভিজ্ঞ নেতা পূর্ণাঙ্গ কমিটিতে জায়গা পাননি। এ কারণে দলীয় নেতাদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ইউনুস চৌধুরী ক্ষোভ প্রকাশ করে প্রথম আলোকে বলেন, ‘কিসের ভিত্তিতে উত্তর জেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে, তা বোধগম্য নয়। আরেক সাবেক যুগ্ম আহ্বায়ক আবু তাহের বলেন, ‘পূর্ণাঙ্গ কমিটিতে জামায়াতকর্মী ও চাকরিজীবী লোকজনের জায়গা হয়েছে।’চাকসুর ভিপি নাজিমউদ্দিন অভিযোগ করেন, ‘বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত নয়—এমন ব্যক্তিরা পূর্ণাঙ্গ কমিটিতে জায়গা পেয়েছেন। অথচ আমার বাড়ি হাটহাজারী এলাকায়। আমাকে কমিটিতে রাখা হয়নি। একইভাবে বাদ দেওয়া হয় সর্বজন শ্রদ্ধেয় ইনাম-উল হককে। সোমবার বৈঠকের সময় আমরা দলীয় কার্যালয়ে গিয়ে প্রতিবাদ জানাব।’