চট্টগ্রাম নগর ছাত্রলীগের ১০১ জনের কমিটি চূড়ান্ত করে দু-এক দিনের মধ্যেই ঢাকায় তালিকা পাঠানো হচ্ছে বলে জানা গেছে। কমিটিতে স্থান পেতে বিভিন্ন কলেজের ছাত্রলীগের নেতারা নানামুখী তদবির শুরু করেছেন।জানা গেছে, নগর কমিটিতে অন্তর্ভুক্তির জন্য মাঠপর্যায়ে নাম সংগ্রহের কাজ করছেন বর্তমান কমিটির সভাপতি এম আর আজিম ও সাধারণ সম্পাদক মোহাম্মদ সালাহউদ্দিন। তবে ঢাকায় তালিকা পাঠানোর সময় তা নগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরীর হাত দিয়ে যাবে। তাই কমিটিতে ঢুকতে বিভিন্ন কলেজের ছাত্রলীগের নেতারা মহিউদ্দিনসহ আওয়ামী লীগ ও ছাত্রলীগের বর্তমান নেতাদের কাছে ধরনা দিচ্ছেন।নগর আওয়ামী লীগের নেতা আ জ ম নাসির উদ্দিন বলেন, ‘মহিউদ্দিনের পরামর্শ নিয়ে ছাত্রলীগের নেতারা কাজ করছেন। তিনিও অন্যান্য নেতার সঙ্গে আলাপ করছেন ও পরামর্শ নিচ্ছেন। অনেকে তদবির করছেন। কিন্তু আমরা একটি সুশৃঙ্খল ও সাংগঠনিকভাবে দক্ষ কমিটি চাই। এখানে তদবিরে কাজ হবে না।’গতকাল চট্টগ্রাম মুসলিম ইনস্টিটিউট মিলনায়তনে যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে আয়োজিত ছাত্র সমাবেশেও বিভিন্ন কলেজের ছাত্রলীগের নেতারা নিজ নিজ পক্ষকে নিয়ে শোডাউন দেন। কমার্স কলেজ, সিটি কলেজ, ইসলামিয়া কলেজ ও এমইএস কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্ররা এখানে জড়ো হন। তাঁরা এ সময় কলেজের নামে স্লোগান দিতে থাকেন।জানা গেছে, চট্টগ্রামে ছাত্রলীগ-নিয়ন্ত্রিত সরকারি-বেসরকারি বিভিন্ন কলেজের ছাত্রনেতারা নগর কমিটিতে জায়গা পেতে ইতিমধ্যে তোড়জোড় শুরু করেছেন। কমিটির জন্য ইতিমধ্যে বিভিন্ন কলেজ থেকে ২০ জন করে তালিকা নেওয়া হয়েছে। তালিকা থেকে সম্ভাব্য ১৫০ জনের নাম ঢাকায় পাঠানো হবে।সাধারণ সম্পাদক সালাহউদ্দিন বলেন, ‘আমরা ইতিমধ্যে প্রতিটি কলেজ থেকে ২০ জনের একটি করে তালিকা পেয়েছি। সেখান থেকে যাচাই-বাছাই শেষে তা ঢাকায় পাঠানো হবে। পরে ঢাকা থেকে ১০১ জনের কমিটি ঘোষিত হবে।’সালাহউদ্দিন বিভিন্ন কলেজের ছাত্রনেতাদের তদবিরের বিষয়টি স্বীকার করে বলেন, ‘এখানে পক্ষপাতের কিছু নেই। আমাদের সঙ্গে যোগাযোগ করলেই আমরা কাউকে দায়িত্ব দিয়ে দেব, তা নয়। ওই নেতা রাজনীতিতে কতটা সক্রিয়, তা-ও দেখা হবে।’দলীয় সূত্র জানায়, নেতা নির্বাচনের ক্ষেত্রে ছাত্রত্বের পাশাপাশি বয়স ২৯ বছরের মধ্যে থাকতে হবে।