জাতীয় প্রেসক্লাবের নির্বাচনে জয়ী ও পরাজিত উভয় পক্ষকে স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। একই সঙ্গে দায়িত্ব হস্তান্তর নিয়ে নির্বাচনে বিজয়ীদের নিম্ন আদালতে করা আবেদন ৩১ জানুয়ারির মধ্যে নিষ্পত্তি করতে বলা হয়েছে। গতকাল বুধবার প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের নেতৃত্বে গঠিত তিন বিচারপতির বেঞ্চ এ আদেশ দেন। একই সঙ্গে নিম্ন আদালতের আদেশ স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশ বাতিল করা হয়েছে। ফলে নবনির্বাচিত কমিটির দায়িত্ব পালনে আপাতত কোনো বাধা নেই বলে সংশ্লিষ্ট আইনজীবীরা জানিয়েছেন।১০ জানুয়ারি চতুর্থ সহকারী জেলা জজ আদালত জাতীয় প্রেসক্লাবের নতুন ব্যবস্থাপনা কমিটি যাতে কার্যক্রম চালাতে না পারে, তার ওপর স্থগিতাদেশ দিয়েছিলেন। একই সঙ্গে নতুন কমিটিকে সাবেক ব্যবস্থাপনা কমিটির কাছে সাত দিনের মধ্যে দায়িত্ব হস্তান্তর করতে বলা হয়। এর বিরুদ্ধে নতুন কমিটির সভাপতি কামাল উদ্দিন সবুজ ও সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমেদ হাইকোর্টে আবেদন করেন। এর ওপর শুনানি শেষে ১৬ জানুয়ারি হাইকোর্ট নিম্ন আদালতের ওই আদেশ স্থগিত করেন। ওই আদেশ স্থগিতের জন্য নির্বাচনে প্রতিপক্ষ গোলাম সারওয়ার ও সাইফুল আলম আপিল বিভাগে আবেদন করলে ১৮ জানুয়ারি চেম্বার বিচারপতি বিষয়টি আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে গতকাল শুনানির জন্য পাঠিয়ে দেন। আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে এ আবেদনের শুনানি হয়।