নতুন কমিটির প্রথম সভা নির্ধারিত স্থানে হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জ জেলা বিএনপির কোন্দল চরম আকার ধারণ করেছে। ২ জুলাই জেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। কিন্তু কমিটি গঠনের পর থেকেই দলীয় কোন্দল আরও প্রকট হয়।শহরের অতিথি কমিউনিটি সেন্টারে গতকাল রোববার নতুন কমিটির প্রথম সভা হওয়ার কথা ছিল। কিন্তু একই স্থানে উপজেলা যুবদলের ব্যানারে সমাবেশের আয়োজন করে বিদ্রোহীরা। ফলে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় প্রশাসন দুটি দলের সমাবেশের আয়োজন বন্ধ করে দেয়। তবে দুপুরে শহরের গাইটাল এলাকায় একটি মাঠে সভা করেছে নতুন কমিটি।এতে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা সাবেক শিক্ষামন্ত্রী ওসমান ফারুক, জেলা বিএনপির সভাপতি ফজলুর রহমান, সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম, সাবেক জেলা জজ রেজাউল করিম খান, খালেদ সাইফুল্লাহ, অসীম সরকার, মো. ইসরাইল মিয়াসহ ১৫১ সদস্যের নতুন কমিটির বেশির ভাগ নেতারা উপস্থিত ছিলেন।নতুন কমিটি গঠনের পর থেকেই জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ওয়ালী উল্লাহ রাব্বানীর নেতৃত্বে বিরোধী নেতা-কর্মীরা এ কমিটি প্রত্যাখ্যান করে শহরে বিক্ষোভ মিছিল করেন। তাঁরা দফায় দফায় মিছিল-মিটিং করে ওসমান ফারুক ও ফজলুর রহমানকে কিশোরগঞ্জে অবাঞ্ছিত ঘোষণা করেন।উপজেলা যুবদলের ব্যানারে গত শুক্রবার শহরে বিক্ষোভ মিছিল শেষে ইসলামিয়া সুপার মার্কেট এলাকায় ফজলুর রহমান ও ওসমান ফারুকের কুশপুত্তলিকা পোড়ানো হয়। এর আগে কেন্দ্রীয় কর্মসূচিতে অংশ নিতে কিশোরগঞ্জ এলে ওসমান ফারুকের গাড়ি ভাঙচুর করা হয়। কমিটি গঠনের পর জেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা দুই ভাগ হয়ে পড়েন। ফলে যেকোনো সময় ঘটতে পারে অপ্রীতিকর ঘটনা।এদিকে বিদ্রোহী নেতা-কর্মীরা কিশোরগঞ্জ প্রেসক্লাবে আজ সোমবার সংবাদ সম্মেলনের আয়োজন করেছে।জেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যক্ষ হাবিবুর রহমান বলেন, দলের ত্যাগী নেতাদের বাদ দিয়ে বারবার দলত্যাগী ও আওয়ামী লীগের মদদপুষ্ট সুবিধাবাদী ফজলুর রহমানকে জেলা বিএনপির সভাপতি করায় তাঁরা হতবাক। ওসমান ফারুক নিজের স্বার্থ রক্ষায় কেন্দ্রীয় কমিটির নেতাদের প্রভাবিত করে একটি পকেট কমিটি গঠন করেছেন। দলের ত্যাগী নেতারা এ অবৈধ কমিটি মানতে পারেন না।মাজহারুল ইসলাম বলেন, কেন্দ্র থেকে যাচাই-বাছাইয়ের পর এই নতুন কমিটি অনুমোদন করা হয়েছে। তাঁর অভিযোগ, কমিটিতে পছন্দমতো পদ না পেয়ে ও কেউ কেউ পদবঞ্চিত হয়ে অযৌক্তিকভাবে এই কমিটির বিরোধিতা করছেন।জানা গেছে, ২০০৪ সালে ওসমান ফারুককে সভাপতি ও ওয়ালী উল্লাহ রাব্বানীকে সাধারণ সম্পাদক করে দুই সদস্যের কমিটি গঠন করা হলেও পরবর্তী সময়ে আর পূর্ণাঙ্গ কমিটি হয়নি। সর্বশেষ ২০০৯ সালের প্রথম দিকে ফজলুর রহমানকে প্রধান করে জেলা বিএনপির আহ্বায়ক কমিটি গঠন করা হয়।সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নূরে আলম সিদ্দিকী বলেন, বিএনপির দুটি পক্ষ একই স্থানে সমাবেশ আহ্বান করায় সম্ভাব্য সংঘর্ষ এড়াতে প্রশাসন উভয় পক্ষের সমাবেশ বন্ধ করে দেয়।