মাগুরা জেলা বিএনপির নবগঠিত কমিটির বিরুদ্ধে মাঠে নেমেছেন পদবঞ্চিতরা। তাঁদের অভিযোগ, কেন্দ্রীয় কমিটি অগণতান্ত্রিক পন্থায় কবীর মুরাদকে সভাপতি ও আলী আহমেদকে সাধারণ সম্পাদক করে কমিটি গঠন করেছেন। দলের কেন্দ্রীয় সহসভাপতি সেলিমা রহমানের মাগুরা সফরও প্রতিহত করার ঘোষণা দিয়েছেন তাঁরা। আজ মঙ্গলবার দুই দিনের সাংগঠনিক সফরে সেলিমা রহমানের মাগুরায় আসার কথা।দলীয় সূত্রে জানা যায়, সেলিমা রহমানের সফর প্রতিহত করতে বিএনপির বিদ্রোহী পক্ষ হিসেবে পরিচিত অংশটি গত শনিবার দুপুরে জেলা বিএনপির সমন্বিত কমিটির সাংগঠনিক সম্পাদক খান হাসান ইমামের ব্যক্তিগত কার্যালয়ে এক প্রস্তুতি সভা করে। সভায় সেলিমা রহমানকে মাগুরার সফর প্রতিহত করার জন্য প্রতিবাদ মিছিল, সমাবেশ ও তাঁর কুশপুত্তলিকা দাহ করার কর্মসূচি ঘোষণা করা হয়। ওই কর্মসূচি পালন করতে রোববার সকাল সাড়ে ১০টার দিকে নেতা-কর্মীরা জেলা বিএনপির কার্যালয়ে জড়ো হয়ে সেলিমা রহমানে কুশপুত্তলিকা দাহ করেন ও তাঁর বিরুদ্ধে নানা স্লোগান দিয়ে মিছিল বের করেন। পরে ভায়না মোড়ে পথসভায় বক্তব্য দেন মো. নাজিম উদ্দিন, মোহাম্মদ আলী, ফারুক আহমেদ, খান হাসান ইমাম, কুতুব উদ্দিন, আলমগীর হোসেন প্রমুখ।জেলা বিএনপির সাবেক জ্যেষ্ঠ সহসভাপতি নাজিম উদ্দিন প্রথম আলোকে বলেন, নবগঠিত কমিটির বিরুদ্ধে শুরু থেকে তাঁরা আন্দোলন করে আসছেন। ওই অগণতান্ত্রিক কমিটি বহাল থাকলে ভবিষ্যতে সাংগঠনিক সফরসহ কোনো কর্মসূচিই পালন করতে দেওয়া হবে না। পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফারুক আহমেদ বলেন, গত বছরের নভেম্বরে মাগুরা শহর থেকে তিন কিলোমিটার দূরে পারনান্দুয়ালী গ্রামে তথাকথিত সম্মেলনের মাধ্যমে জেলা বিএনপির কমিটি গঠন করা হয়। সেখানে জেলা বিএনপির অধিকাংশ নেতা-কর্মী উপস্থিত ছিলেন না। জেলা বিএনপির অধিকাংশ নেতা-কর্মীকে নিয়ে তাঁরা একই দিন শহরে সম্মেলন করেন। কথা ছিল, বিএনপির কেন্দ্রীয় সহসভাপতি সেলিমা রহমান সবার সঙ্গে বসে সমন্বয়ের মাধ্যমে কমিটি ঘোষণা করবেন। কিন্তু পারনান্দুয়ালী গ্রামের সম্মেলনে কবীর মুরাদকে সভাপতি ও আলী আহমেদকে সাধারণ সম্পাদক করে কমিটি গঠন করেন তিনি। ওই কমিটির সভাপতিসহ অধিকাংশ নেতা-কর্মীর সঙ্গে দলীয় নেতা-কর্মীদের কোনো সম্পর্ক নেই। তাঁরা ঢাকায় থাকেন। এই অবস্থায় দলের অধিকাংশ নেতা-কর্মী ওই কমিটির বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। সেলিমা রহমানের সাংগঠনিক সফল প্রতিহত করা তারই অংশ।নবগঠিত কমিটির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী বলেন, ‘আমাকে কমিটির সাংগঠনিক সম্পাদক করা হয়েছে। অথচ আমি সম্মেলনে উপস্থিত ছিলাম না। ওই কমিটির সাধারণ সম্পাদক ছাড়া গুরুত্বপূর্ণ পদের কেউই মাগুরায় থাকেন না। সাধারণ সম্পাদক আলী আহমেদ একজন চিহ্নিত সন্ত্রাসী। তাই আমি ওই কমিটির গুরুত্বপূর্ণ পদে থেকেও বিদ্রোহী পক্ষের সঙ্গে যোগ দিয়েছি। দু-একজন ছাড়া অধিকাংশ নেতা-কর্মীই এ পক্ষে আছেন।’এ বিষয়ে জেলা বিএনপির সভাপতি কবীর মুরাদ বলেন, ‘যাঁরা বিএনপি করেন তাঁরা বাস্তবিক কারণেই কেন্দ্র অনুমোদিত কমিটির প্রতি শ্রদ্ধাশীল হবেন, এটাই স্বাভাবিক। সাংগঠনিক সফরে কেন্দ্রীয় সহসভাপতি মাগুরায় আসবেন। তাঁকে প্রতিহত করলে তা হবে দলীয় শৃঙ্খলাবিরোধী কাজ।’জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমেদ বলেন, ‘কেউ যদি আমার বিরুদ্ধে একটি সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার প্রমাণ দিতে পারেন, তাহলে আমি রাজনীতি ছেড়ে দেব। আমি জেলা বিএনপির গত কমিটিরও সাধারণ সম্পাদক ছিলাম। যাঁরা এসব অভিযোগ তুলছেন, তাঁরা বিগত সময়ে নেতৃত্বে থেকে ফায়দা লুটেছেন। এখন কমিটিতে ঠাঁই না হওয়ায় তাঁরা ওই সব অভিযোগ তুলছেন।’