দেশের আবাসন খাতের ব্যবসায়ীদের সংগঠন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) কার্যনির্বাহী পরিষদের নির্বাচন অনুষ্ঠানে জটিলতা কাটতে শুরু করেছে। গতকাল সোমবার প্রধান নির্বাচন কমিশনার ও দুই কমিশনার দায়িত্ব গ্রহণ করেছেন। দায়িত্ব পাওয়ার পরই তাঁরা বৈঠক করেন। আজ মঙ্গলবার আবার বৈঠক করে নির্বাচন গ্রহণের দিন নির্ধারণ করবেন বলে জানা গেছে।রিহ্যাব সূত্রে জানা গেছে, এফবিসিসিআইয়ের পরিচালক আবদুল হক প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব গ্রহণ করেছেন। একই সঙ্গে আন্না করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক গোলাম সারওয়ার ও সানসিটি ডেভেলপারসের ব্যবস্থাপনা পরিচালক সরদার আমীন কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।গত শনিবার দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হওয়ার দিন ধার্য ছিল। কিন্তু নির্বাচনের দুই দিন আগে গত বৃহস্পতিবার নির্বাচন কমিশন এই নির্বাচন অর্নিদিষ্টকালের জন্য স্থগিত করে। একই সঙ্গে প্রধান নির্বাচন কমিশনার ও দুই কমিশনার পদত্যাগ করেন। এতে নির্বাচন অনুষ্ঠানে জটিলতা দেখা দেয়। এ অবস্থায় রিহ্যাবের নির্বাচন দ্রুত সম্পন্ন করার জন্য বর্তমান পরিচালনা পর্ষদ ব্যবসায়ী-শিল্পপতিদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনকে (এফবিসিসিআই) গত শনিবার একটি চিঠি দেয়। চিঠিতে অবিলম্বে নির্বাচন কমিশন গঠনের আবেদন করা হলে এফবিসিসিআই গত রোববার প্রধান নির্বাচন কমিশনার হিসেবে আবদুল হককে মনোনীত করে রিহ্যাবকে চিঠি দেয়। এরপর গতকাল সোমবার রিহ্যাবের বর্তমান নির্বাহী পরিষদ জরুরি বৈঠক করে দুজন কমিশনার নিয়োগ দেয়। রিহ্যাবের সভাপতি তানভীরুল হক বলেন, সব প্যানেলের নেতাদের সম্মতি নিয়ে আগামী শুক্রবার নির্বাচন আয়োজনের জন্য নির্বাচন কমিশনকে জানানো হয়। তবে যোগাযোগ করা হলে প্রধান নির্বাচন কমিশনার আবদুল হক প্রথম আলোকে বলেন, মঙ্গলবার পুনরায় কমিশনের বৈঠকে বসে নির্বাচনের দিন নির্ধারণ করা হবে। দ্রুত নির্বাচন করা হবে বলে তিনি জানান।২১ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী পরিষদের নির্বাচনে এবার মোট ৫০ জন প্রার্থী হয়েছেন। এসব প্রার্থী জাগরণ, নবধারা ও পরিবর্তন নামে তিনটি প্যানেলে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন। ইতিমধ্যে প্যানেলের প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে।