নতুন কর নির্ধারণ কার্যক্রম স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জ পৌরসভায় নতুন কর নির্ধারণ কার্যক্রম স্থগিত করেছেন মেয়র। গতকাল মঙ্গলবার আইনজীবীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এই কার্যক্রম স্থগিতের ঘোষণা দেন। দুপুরে আইনজীবী সমিতি মিলনায়তনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
একই সঙ্গে অতিরিক্ত হারে কর নির্ধারণ প্রক্রিয়ায় যুক্ত পৌরসভার কর শাখার আলী হোসেন নামের এক কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে মেয়র জানিয়েছেন।
সুনামগঞ্জ পৌরসভা সম্প্রতি অস্বাভাবিক হারে পৌরকর নির্ধারণ করে নাগরিকদের নোটিশ দেয়। গত বছর দুই হাজার টাকা কর দিয়েছেন এমন নাগরিকদের কেউ কেউ চলতি বছর ৫০ থেকে ৬০ হাজার টাকা, আবার যাঁরা পাঁচ হাজার টাকা দিয়েছেন, তাঁদের কেউ কেউ এক লাখ টাকার বেশি করের নোটিশ পেয়েছেন। নোটিশ পাওয়ার পর পৌরসভার নাগরিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এরপর পৌরসভার পক্ষ থেকেও এই করকে ‘অস্বাভাবিক’ উল্লেখ করে নাগরিকদের আতঙ্কিত না হতে শহরে মাইকিং ও স্থানীয় পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়া হয়। এ অবস্থায় জেলা আইনজীবী সমিতির পক্ষ থেকে এ নিয়ে করণীয় নির্ধারণের জন্য ২৯ আগস্ট সমিতি মিলনায়তনে মতবিনিময় সভার আহ্বান করা হয়।
বিষয়টি নিয়ে গতকাল মঙ্গলবার প্রথম আলোয় ‘পৌরকর বাড়ানোর নোটিশ, চিন্তিত না হতে মাইকিং’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এরপর মঙ্গলবার দুপুরে আইনজীবী সমিতিতে ছুটে যান পৌর মেয়র মো. আয়ুব বখত জগলুল। তিনি আইনজীবীদের সঙ্গে মতবিনিময় করেন এবং এই প্রক্রিয়া স্থগিতের ঘোষণা দেন।
জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মো. শেরেনূর আলী বলেন, আলোচনার পর মেয়র নতুন কর নির্ধারণের পুরো প্রক্রিয়া স্থগিতের ঘোষণা দেন এবং এ বিষয়ে আর কোনো নোটিশ নাগরিকদের দেওয়া হবে না বলে জানান।
পৌর মেয়র মো. আয়ুব বখত জগলুল প্রথম আলোকে বলেছেন, ‘আমি শুরু থেকেই বলে আসছি নাগরিকদের বোঝা মনে হয়, এমন কর তাঁদের ওপর চাপিয়ে দেওয়া হবে না। নতুন কর নির্ধারণের প্রক্রিয়া স্থগিত করা হয়েছে।