নতুন করে আর কাউকে গ্রেপ্তার না করাসহ ৯ দফা দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের বাঁশখালীতে গুলিতে চারজন নিহত হওয়ার ঘটনার সুষ্ঠু তদন্ত, দোষী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি, গ্রেপ্তার হওয়া আসামিদের আগামী সোমবারের মধ্যে মুক্তি দেওয়াসহ সরকারের কাছে এলাকাবাসীর পক্ষ থেকে নয় দফা দাবি জানানো হয়েছে। গতকাল বুধবার বিকেলে উপজেলার গণ্ডামারা ইউনিয়নের হাদিরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সমাবেশ থেকে এসব দাবি জানানো হয়। ‘গণ্ডামারা ইউনিয়ন বাঁচাও আন্দোলন’ কমিটির উদ্যোগে এ সমাবেশের আয়োজন করা হয়।
চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র মাহমুদুল ইসলাম চৌধুরীকে প্রধান পৃষ্ঠপোষক করে গত সোমবার ২০১ সদস্যের ‘গণ্ডামারা ইউনিয়ন বাঁচাও আন্দোলন’ নামে নতুন একটি কমিটি গঠন করা হয়। মাহমুদুল ইসলাম বাঁশখালীর সাবেক সাংসদ। গতকালের সমাবেশে সভাপতিত্ব করেন বদি আহমেদ। তিনি নবগঠিত কমিটির সভাপতি। তাঁর ছোট দুই ভাই বিদ্যুৎকেন্দ্রবিরোধী আন্দোলনে গুলিতে নিহত হয়েছেন।
অবশ্য সমাবেশে গণ্ডামারার ‘বসতভিটা ও গোরস্থান রক্ষা’ কমিটির আহ্বায়ক লিয়াকত আলী উপস্থিত ছিলেন না। গতকাল নিজের বাড়িতেও ছিলেন না তিনি। দুপুর থেকে তাঁর মুঠোফোনও বন্ধ পাওয়া যায়। এত দিন তাঁর নেতৃত্বে গণ্ডামারায় বিদ্যুৎকেন্দ্র বাতিলের দাবিতে আন্দোলন চলছিল। গত শনিবার তিনি বিদ্যুৎকেন্দ্রবিরোধী আন্দোলন ১৫ দিনের জন্য স্থগিত করার ঘোষণা দেন।
সমাবেশে মাহমুদুল ইসলাম চৌধুরী বলেন, ‘যে আন্দোলনে শৃঙ্খলা ও জনগণের মতামত থাকবে না, তা সফল হবে না। আমরা দেশের ও বাঁশখালীর উন্নয়ন চাই। কিন্তু জনগণের ক্ষতি করে নয়।’ সমাবেশে আসা লোকজনকে আন্দোলন থেকে সরে না আসার অনুরোধ জানিয়ে তিনি বলেন, সরকার জনগণের জন্য হলে আলোচনায় বসে জনগণের সমস্যা সমাধান করবে।
সমাবেশে উত্থাপন করা নয় দফা দাবির মধ্যে রয়েছে ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান। গ্রেপ্তার সব আসামিকে আগামী সোমবারের মধ্যে মুক্তি ও নিহত ব্যক্তিদের পরিবারকে ১৫ লাখ টাকা করে ক্ষতিপূরণ, আহত ব্যক্তিদের ১ লাখ টাকা করে, নতুন করে কোনো আসামিকে গ্রেপ্তার কিংবা হয়রানি না করা, পরিবেশ অধিদপ্তরের তিন প্রকারের ছাড়পত্র এলাকার লোকজনকে দেখানো, বিভিন্ন দেশে কয়লা বিদ্যুতের ব্যবহার-সম্পর্কিত ভিডিও এলাকাবাসীকে দেখানোর ব্যবস্থা করা, ভেতরে কয়লা বিদ্যুৎকেন্দ্র থাকলে কমিটির ৪০ জনকে সদস্যকে তা পরিদর্শনের সুযোগ করে দেওয়া এবং দেশের ভেতর কয়লা বিদ্যুৎকেন্দ্র না থাকলে ৭ থেকে ১০ জনকে বিদেশে কয়লা বিদ্যুৎ দেখানোর জন্য নিয়ে যাওয়া।
এস আলম গ্রুপের মালিকানাধীন এসএস পাওয়ার লিমিটেড ও চীনের দুটি প্রতিষ্ঠানের যৌথ উদ্যোগে গণ্ডামারা ইউনিয়নে ২৫০ কোটি ডলার ব্যয়ে কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প স্থাপন করা হচ্ছে। ৪ এপ্রিল গণ্ডামারার হাদিরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনের পক্ষে-বিপক্ষের লোকজন সমাবেশ ডাকেন। এ নিয়ে সংঘর্ষের ঘটনায় দুই ভাইসহ চারজন নিহত হন। এ ঘটনায় দুটি হত্যাসহ তিনটি মামলা করা হয় পরদিন। মামলায় লিয়াকত আলীসহ ছয়জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতপরিচয় তিন সহস্রাধিক ব্যক্তিকে আসামি করা হয়। এ ঘটনায় এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে পাঁচজনকে।
গতকালের সমাবেশে লিয়াকতের অনুপস্থিতির বিষয়ে তাঁর বাবা দুদু মিয়া বলেন, তাঁর ছেলে কয়েক দিনের জন্য বাইরে আছেন। ১৫ দিনের মধ্যে দাবি আদায় না হলে লিয়াকত আবার আন্দোলনে নামবেন।
এ বিষয়ে ‘গণ্ডামারা ইউনিয়ন বাঁচাও আন্দোলন’ কমিটির সভাপতি বদি আহমেদ বলেন, তাঁদের কমিটির একজন সদস্য লিয়াকত। লিয়াকতের সঙ্গে তাঁদের কোনো দূরত্ব নেই। আগে কোনো কমিটি ছিল না। এখন কমিটি গঠন করে তাঁরা আন্দোলন করছেন।
গত শুক্রবার লিয়াকতের ডাকা সমাবেশ উপস্থিত ছিলেন গণ্ডামারার মনাজিপুকুর পাড় এলাকার বাসিন্দা শাহাবুদ্দিন। তিনি গতকালের সমাবেশেও ছিলেন। তিনি বলেন, এলাকার ক্ষতি হবে, তাই তাঁরা কয়লাবিদ্যুৎ প্রকল্প চান না। যে ডাক দেবেন, তাঁর সমাবেশেই এলাকার লোকজন যাবে।