দমন-পীড়নের মুখে মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে নতুন করে পালিয়ে আসা রোহিঙ্গাদের তালিকা (শুমারি) করার উদ্যোগ নিয়েছে সরকার। ২৮ ফেব্রুয়ারি (মঙ্গলবার) থেকে রোহিঙ্গাশুমারির কাজ শুরু করবে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো। আগামী ১০ মার্চ পর্যন্ত এই শুমারি চলবে। কক্সবাজার জেলার আট উপজেলার মধ্যে পাঁচটিতে টেকনাফ, উখিয়া, কক্সবাজার সদর, রামু ও চকরিয়ায় এই শুমারির কাজ চলবে।
কক্সবাজার পরিসংখ্যান ব্যুরো কার্যালয় সূত্র জানায়, ২৮ ফেব্রুয়ারি সকাল আটটা থেকে জেলার পাঁচটি উপজেলায় একযোগে রোহিঙ্গাশুমারি শুরু হবে। এ জন্য ৪০০ জন গণনাকারী নিয়োগ দেওয়া হয়েছে। তাঁরা ২০০টি দলে ভাগ হয়ে কাজ করবেন। প্রতিটি দলে থাকবেন একজন সুপারভাইজার ও একজন গণনাকারী। ইতিমধ্যে গণনাকারীদের প্রশিক্ষণও দেওয়া হয়েছে।
এ বিষয়ে পরিসংখ্যান ব্যুরো কক্সবাজারের উপপরিচালক মো. ওয়াহিদুর রহমান প্রথম আলোকে বলেন, সম্প্রতি বিপুলসংখ্যক রোহিঙ্গা উখিয়া ও টেকনাফের একাধিক শিবিরে আশ্রয় নিয়েছে। তাদের অনেকে কক্সবাজার শহর, রামু ও চকরিয়াতেও চলে গেছে বলে শোনা যাচ্ছে। মিয়ানমার থেকে নতুন করে পালিয়ে আসা রোহিঙ্গার সংখ্যা নিয়ে বিভিন্ন ধরনের তথ্য রয়েছে। কোনো সংস্থা বলছে ৭০ হাজার আবার কেউ বলছে ৯০ হাজার। সঠিক সংখ্যা কত, তা বের করতেই রোহিঙ্গাশুমারি করা হচ্ছে।
ওয়াহিদুর রহমান বলেন, মহেশখালী, কুতুবদিয়া ও পেকুয়া উপজেলায় রোহিঙ্গা আশ্রয় নিয়েছে এমন তথ্য পাওয়া যায়নি। তাই এই তিনটি উপজেলায় রোহিঙ্গা গণনা হচ্ছে না।
গত বছরের ৯ অক্টোবর মিয়ানমারের রাখাইন রাজ্যের তিনটি পুলিশ ফাঁড়িতে সন্ত্রাসী হামলায় ৯ পুলিশ নিহত হয়। এরপর সেখানে সামরিক অভিযান শুরু করে মিয়ানমার সরকার। অভিযানের মুখে হাজার হাজার রোহিঙ্গা টেকনাফ ও উখিয়ায় পালিয়ে আসে।
গত শনিবার রোহিঙ্গাশুমারির প্রস্তুতি কার্যক্রম পরিদর্শন করতে কক্সবাজার আসেন পরিকল্পনা মন্ত্রণালয়ের পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব কে এম মোজাম্মেল হক। তিনি উখিয়া ও টেকনাফের রোহিঙ্গাশিবির পরিদর্শন করেন বলে জানান কক্সবাজার পরিসংখ্যান ব্যুরো কার্যালয়ের একজন কর্মকর্তা।
২০১৫ সালের জুন মাসে বাংলাদেশে অবস্থানরত মিয়ানমারের রোহিঙ্গা নাগরিকদের সংখ্যা কত তা বের করতে শুমারি হয়েছিল। ওই শুমারির ফলাফল এখনো প্রকাশ করা হয়নি।
নতুন শুমারির বিষয়ে কক্সবাজার পিপলস ফোরামের সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল বলেন, মিয়ারমারের রাখাইন রাজ্যের ২৩টি গ্রামের অন্তত ৯৫ হাজার রোহিঙ্গা গত চার মাসে টেকনাফ ও উখিয়ায় পালিয়ে আসে। এর মধ্যে ৮৪ হাজারের মতো রোহিঙ্গা টেকনাফ ও উখিয়ার পৃথক তিনটি অনিবন্ধিত শিবিরে আশ্রয় নিয়েছে। আরও ১১ হাজারের মতো রোহিঙ্গা কক্সবাজার শহরসহ জেলার বিভিন্ন স্থানে অবস্থান করছে। উখিয়া, টেকনাফের চারটি রোহিঙ্গাশিবিরসহ জেলার বিভিন্ন স্থানে কয়েক বছর ধরে অবস্থান করছে আরও অন্তত ৫ লাখ রোহিঙ্গা।
এ বিষয়ে কক্সবাজার সিভিল সোসাইটির সভাপতি আবু মোর্শেদ চৌধুরী বলেন, টেকনাফ ও উখিয়ায় পাঁচটি রোহিঙ্গাশিবিরের কোনটিতে সীমানাপ্রাচীর নেই। নেই কোনো ফটক। এখন যেসব রোহিঙ্গা তালিকাভুক্ত করা হবে, কিছুদিন পর তারা অন্য কোনো স্থানে আত্মগোপন করলে খুঁজে পাওয়া কঠিন হবে।