নতুন করে এল ১৬৫ রোহিঙ্গা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফে আজ মঙ্গলবার মিয়ানমার থেকে নতুন করে এসেছে ৪২টি রোহিঙ্গা পরিবারের ১৬৫ জন সদস্য।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাহিদ হোসেন ছিদ্দিক প্রথম আলোকে বলেন, বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়ার বিষয়ে গত ২৩ নভেম্বর মিয়ানমারের সঙ্গে বাংলাদেশের সমঝোতা স্মারক সই হয়। এরপর থেকে রোহিঙ্গাদের ফেরত নেওয়ার জন্য কাজ শুরু হয়। এর মধ্যে আবার নতুন করে কিছু রোহিঙ্গা পালিয়ে আসছেন। কোনো অবস্থাতেই রোহিঙ্গা অনুপ্রবেশ বন্ধ করা যাচ্ছে না।

টেকনাফের সাবরাং ইউনিয়নের হারিয়াখালী ত্রাণকেন্দ্রে দায়িত্ব পালন করা জেলা প্রশাসকের প্রতিনিধি ও উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, নতুন করে মিয়ানমারের সেনাবাহিনীর ওপর আরসার (দ্য আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি) হামলার ঘটনার পর দেশটির বিভিন্ন সড়কে সেনাসদস্যরা টহল দিচ্ছেন। ফলে সেখানে অবস্থানরত রোহিঙ্গারা শঙ্কিত হয়ে পড়েছেন। তাই অনেকে নতুন করে পালিয়ে এসেছেন বলে কয়েকজনের সঙ্গে কথা বলে তিনি জানতে পেরেছেন।

মো. দেলোয়ার হোসেন বলেন, নতুন করে আসা রোহিঙ্গাদের সঙ্গে কোনো ধরনের মাদক, অস্ত্র বা অবৈধ মালামাল আছে কি না, তল্লাশি চালিয়ে নিশ্চিত হয়ে মঙ্গলবার দুপুরে তাঁদের সেনাবাহিনীর হারিয়াখালী ত্রাণকেন্দ্রে পাঠানো হয়। এরপর মানবিক অন্যান্য সহায়তার পাশাপাশি প্রতিটি পরিবারকে চাল, ডাল, সুজি, চিনি, তেল, লবণের একটি করে বস্তা দিয়ে গাড়িতে করে তাদের টেকনাফের নয়াপাড়া রোহিঙ্গা শিবিরে পাঠানো হয়েছে।

এদিকে মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত ৯ লাখ ৬৪ হাজার ৯৯৩ জন রোহিঙ্গা নারী, পুরুষ ও শিশুকে নিবন্ধনের আওতায় আনা হয়েছে বলে প্রথম আলোকে নিশ্চিত করেছেন বহিরাগমন বিভাগ ও পাসপোর্ট অধিদপ্তরের উপপরিচালক আবু নোমান মোহাম্মদ জাকির হোসেন।

আবু নোমান মোহাম্মদ জাকির হোসেন বলেন, বহিরাগমন বিভাগ ও পাসপোর্ট অধিদপ্তরের তত্ত্বাবধানে বাংলাদেশ সেনাবাহিনী, বিজিবি, আনসার ও ইউএনএইচসিআরের কর্মীরা রোহিঙ্গাদের নিবন্ধনের কাজ করছেন। উখিয়া ও টেকনাফে ১২টি আশ্রয়কেন্দ্রে বসবাসকারী রোহিঙ্গাদের ছয়টি ক্যাম্পের¤মাধ্যমে গত ১১ সেপ্টেম্বর থেকে রোহিঙ্গাদের বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধনের কাজ শুরু করা হয়। এ পর্যন্ত ৯ লাখ ৬৪ হাজার ৯৯৩ জন রোহিঙ্গাকে নিবন্ধনের আওতায় আনা সম্ভব হয়েছে।