ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে নারায়ণগঞ্জে হেফাজতে ইসলামের করা মামলায় আদালত থেকে নতুন করে জামিন নিয়েছেন সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহ্বায়ক ও নিহত ত্বকীর বাবা রফিউর রাব্বি।
গতকাল রোববার দুপুরে নারায়ণগঞ্জের বিচারিক হাকিম প্রথম আদালতের বিচারক আহমেদ হুমায়ুন কবিরের আদালতে মামলাটি বদলি হলে সেখানে হাজির হয়ে জামিনের আবেদন জানান রফিউর রাব্বি। শুনানি শেষে আদালত জামিন মঞ্জুর করেন।
রফিউর রাব্বির পক্ষে মামলা পরিচালনা করেন মাহবুবুর রহমান, আওলাদ হোসেন ও জিয়াউল ইসলাম। বাদীপক্ষে ছিলেন সুলতান আরেফীন ও মহসীন।
মাহবুবুর রহমান বলেন, হেফাজতে ইসলাম জেলার সমন্বয়ক ফেরদাউসুর রহমানের করা মামলায় গত ২৫ মে রফিউর রাব্বি আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে শুনানি শেষে বিচারক ৪ জুন পর্যন্ত তাঁর অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেন। আজ (গতকাল) রফিউর রাব্বি আদালতে হাজির হয়ে নতুন করে জামিনের আবেদন জানালে শুনানি শেষে তা মঞ্জুর করেন বিচারক।
রফিউর রাব্বি বলেন, ‘শামীম ওসমানের নির্দেশে হেফাজত ধর্ম অবমাননার মিথ্যা অভিযোগ এনে আমার বিরুদ্ধে মামলা দিয়েছে। ত্বকী হত্যার বিচার চাওয়া থেকে আমাদের বিরত রাখতেই এই মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। কিন্তু এসব মিথ্যা মামলা দায়ের করে নারায়ণগঞ্জে সন্ত্রাস, হত্যা-খুন, চাঁদাবাজি ও দুর্বৃত্তদের যে দুঃশাসন চলছে তার প্রতিবাদ থেকে আমাদের বিরত রাখা যাবে না।’