চট্টগ্রাম বোর্ডের অধীনে এবার অনুষ্ঠিত এইচএসসি (উচ্চমাধ্যমিক) পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণে নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ১০ জন শিক্ষার্থী। ফলে বোর্ড থেকে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা বেড়ে দাঁড়াল দুই হাজার ৬৫৬ জনে। এর আগে জিপিএ-৫ পেয়েছিলেন দুই হাজার ৬৪৬ জন।
গতকাল বৃহস্পতিবার পুনর্নিরীক্ষণের ফলাফল প্রকাশিত হয়েছে। গত ১৩ আগস্ট এইচএসসির ফলাফল প্রকাশের পরদিন থেকে ২০ আগস্ট পর্যন্ত সরকারি মুঠোফোন সেবাদানকারী প্রতিষ্ঠান টেলিটকের মাধ্যমে আবেদন সংগ্রহ করা হয়।
বোর্ড সূত্রে জানা যায়, এ বছর পুনর্নিরীক্ষণের জন্য ছয় হাজার ৭২৮টি আবেদন জমা পড়ে। এর মধ্যে উত্তরপত্রের সংখ্যা ছিল ২৪ হাজার ৮০টি। তার মধ্যে শুধু ১০৫টি উত্তরপত্রে পরিবর্তন এসেছে। এতে নতুন করে পাস করেছেন ৩৪ জন। ১২ জন ছাত্রের উত্তরপত্রে পরিবর্তন এলেও তাঁরা অন্য বিষয়ে অকৃতকার্য থাকায় তাঁদের ফলাফলে কোনো পরিবর্তন হয়নি।
বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক পীযূষ দত্ত বলেন, পুনর্নিরীক্ষণ-প্রক্রিয়া চালু থাকায় নম্বর বণ্টনে ছোটখাটো ভুলত্রুটি যাচাইয়ের মাধ্যমে ছাত্রছাত্রীদের ফলাফল পরিবর্তনের সুযোগ থাকে।