নতুন করে তদন্তের দাবি স্বজনদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিডিআর বিদ্রোহে নিহত সেনা কর্মকর্তাদের স্মরণে পরিবারের সদস্যরা গতকাল জাতীয় প্রেসক্লাবে আলোচনা সভা ও প্রদীপ প্রজ্বালন করেন । ছবি: প্রথম আলো
বিডিআর বিদ্রোহে নিহত সেনা কর্মকর্তাদের স্মরণে পরিবারের সদস্যরা গতকাল জাতীয় প্রেসক্লাবে আলোচনা সভা ও প্রদীপ প্রজ্বালন করেন । ছবি: প্রথম আলো

‘বাবা অফিসে গেলেন আর ফিরে এলেন না। মর্গে গিয়ে আমরা তাঁর মৃতদেহ খুঁজে পেলাম। বিচার হলো, কিন্তু জানতে পারলাম না কারা, কেন তাঁকে খুন করেছে। আমার মতো সবার বাবাকে কীভাবে মারা হয়েছে, আমরা তা জানতে চাই।’
এ দাবি বিডিআর বিদ্রোহে নিহত লে. কর্নেল লুৎফর রহমানের চিকিৎসাশাস্ত্রে পড়ুয়া মেয়ে ফাবলিহা বুশরার। গতকাল সোমবার জাতীয় প্রেসক্লাবে নিহতদের স্মরণে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। তাঁর কথায় সুর মেলালেন আরও কয়েকজন নিহত সেনা কর্মকর্তার স্ত্রী ও পুত্র-কন্যারা।
অনুষ্ঠানের বিশেষ অতিথি অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্যও একই দাবি জানান। সবাই চান, বিডিআর হত্যাকাণ্ডের পেছনের লোকদের খুঁজে বের করার জন্য নতুন করে তদন্ত করা হোক।
‘শহীদ পরিবারবর্গ ও দেশ উই আর কনসার্ন সোসাইটি’ যৌথভাবে এ আলোচনার আয়োজন করে। পুরো আলোচনায় ছিল নিহত পরিবারগুলোর নানা আক্ষেপের কথা। কেউ দাবি করেন, বিচার দ্রুত কার্যকর করতে একটি বিচার বিভাগীয় কমিশন গঠন করা হোক। আপিলের শুনানি যাতে দ্রুত হয়, তা নিশ্চিত করবে এই কমিশন। কেউ বলেন, ২৫ ফেব্রুয়ারি সরকারি ছুটি ঘোষণা করা হোক। কেউ চান, পাঠ্যবইয়ে এ ঘটনা যুক্ত করতে, একটি স্মৃতিসৌধ নির্মাণেরও দাবি করেন তাঁরা।
বিডিআর হত্যাকাণ্ডের পাঁচ বছর আজ। ২০০৯ সালের এ নারকীয় ঘটনার বিচার শেষ হয়েছে গত ৫ নভেম্বর। বিচারে ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৪ জনকে হত্যার দায়ে ১৫২ জনকে ফাঁসি ও ১৬১ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়া বিভিন্ন মেয়াদে ২৫৬ জনের সাজা হয়েছে। তবে খালাস পেয়েছেন ২৭৭ জন।
রায় ঘোষণার পর নতুন করে কেন তদন্তের দাবি করছেন? এ প্রশ্নের জবাবে নিহত ব্যক্তিদের স্বজনেরা বলেন, এ রায়ে তাঁরা জানতে পারেননি, কে কাকে, কেন খুন করেছে। এর পেছনে কারা ছিল, তা-ও তাঁরা জানতে পারেননি।
দেবপ্রিয় ভট্টাচার্য এ ঘটনায় গঠিত তদন্ত কমিটির একটি ধারা পড়ে বলেন, তদন্ত কমিটি নেপথ্যের কুশীলবদের খুঁজে বের করতে পারেনি। কিন্তু কমিটি বিশ্বাস করেছিল শুধু বিডিআর জওয়ানদের পক্ষে এ ঘটনা ঘটানো সম্ভব ছিল না। বিডিআর জওয়ানদের ব্যবহার করা হয়েছে মাত্র। তিনি বলেন, ওই কমিটি মনে করেছিল প্রকৃত কারণ উদ্ঘাটনের জন্য অধিকতর তদন্ত হওয়া দরকার। কারণ, প্রকৃত অপরাধী পর্দার অন্তরালে রয়েছে। নিহত ব্যক্তিদের মরণোত্তর বীরত্বের পদক প্রদানে সরকারের প্রতি অনুরোধ জানান তিনি।
অনুষ্ঠানের শুরুতেই নিহত লে. কর্নেল কুদরত-ই-এলাহীর বাবা হাবিবুর রহমান স্বাগত বক্তব্য দেন। তিনি বলেন, ‘ছেলে হারানোর যে কী কষ্ট, সেটি কেবল একজন বাবাই বোঝেন। তাই আমাদের দাবি পিলখানা হত্যাকাণ্ডের দিনটিকে শহীদ সেনা দিবস ঘোষণা করা হোক।’ এ কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন তিনি।
হত্যার দিনের সঙ্গে আজকের কোনো পার্থক্য নেই—মন্তব্য করে নিহত কর্নেল মুজিবুল হকের স্ত্রী নেহরীন ফেরদৌসী বলেন, ‘শহীদ সেনা কর্মকর্তাদের পরিবারের ছেলেমেয়েরা বড় হয়েছে। ওরা খুঁজে বেড়াচ্ছে, কেন ওদের বাবাকে হত্যা করা হলো। সন্তানেরা হত্যাকারীদের সম্পর্কে জানতে চায়।
নিহত মেজর তানভীর হায়দার নূরের স্ত্রী তাসনুভা মাহা বলেন, ‘আমার দুটি সন্তান। একজনের বয়স সাড়ে ছয় বছর, আরেকজনের সাড়ে নয়। কিন্তু বাবার কোনো স্মৃতিই ওদের মনে নেই। আমার ছেলে সেনাবাহিনীর স্কুলে পড়ে। কিন্তু বিডিআর হত্যাকাণ্ডের দিনে সেই স্কুলেই ক্লাস হবে। এটা খুবই কষ্টের।’
রাজনৈতিক মারপ্যাঁচ নয়, পিলখানা হত্যাকাণ্ডের দিনটি স্মরণ রাখার অনুরোধ জানান লে. কর্নেল লুৎফর রহমানের মেয়ে ফাবলিহা বুশরা।
নিহত কর্মকর্তাদের স্মরণ করতে আজ সকাল নয়টায় বনানী সামরিক করবস্থানে শ্রদ্ধা জানানো হবে। পিলখানায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে বিকেল চারটায়।