নতুন করে দরপত্র ছাড়াই গরু বিক্রির নিলাম সম্পন্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নতুন করে দরপত্র আহ্বান ছাড়াই গতকাল সোমবার ঢাকার সাভারের কেন্দ্রীয় গো-প্রজনন ও দুগ্ধ খামারের গবাদিপশুর নিলাম সম্পন্ন হয়েছে। এর আগে দরপত্রে অংশগ্রহণকারীদের পক্ষ থেকে অনিয়মের অভিযোগ ওঠায় গত বুধবার কর্তৃপক্ষ নিলামপ্রক্রিয়া স্থগিত করেছিল।
কেন্দ্রীয় গো-প্রজনন ও দুগ্ধ খামার সূত্রে জানা গেছে, এ বছর খামারে ৮১টি গরু বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়। সিদ্ধান্ত অনুযায়ী প্রতিটি শ্রেণিতে তিনটি করে ২৭টি শ্রেণির জন্য গত ১৮ আগস্ট দরপত্র আহ্বান করা হয়। গত মঙ্গলবার দরপত্র বিক্রির শেষ দিনে ১৮৩টি দরপত্র বিক্রি হয়। বুধবার এসব দরপত্র খোলার পর নিলামপ্রক্রিয়া সম্পন্ন করার কথা ছিল।
নিলামে অংশগ্রহণকারীদের কয়েকজন অভিযোগ করেন, ২৭টি শ্রেণির মধ্যে ২৩টির দরপত্র ছিল উন্মুক্ত। আর ১৭, ১৮, ২৬ ও ২৭ নম্বর শ্রেণির দরপত্র বিশেষ ব্যক্তি ও স্থানের জন্য সংরক্ষিত রাখা হয়। যেসব দরপত্র গোপনে ওই সব বিশেষ ব্যক্তির কাছে বিক্রি করা হয়েছিল। ফলে ইচ্ছা থাকা সত্ত্বেও যে কেউ ওই চারটি শ্রেণির দরপত্র কিনতে পারেননি। অনেকে বলেন, যেসব গ্রুপের দরপত্র সবার জন্য উন্মুক্ত রাখা হয়েছিল প্রভাবশালীদের ভয়ে অনেকেই তা-ও কিনতে পারেননি। কেউ কেউ কিনলেও বাধার মুখে তা দরপত্র বাক্সে ফেলতে পারেননি।
এ বিষয়ে জানতে চাইলে কেন্দ্রীয় গো-প্রজনন ও দুগ্ধ খামারের সহকারী পরিচালক (প্রশাসন) আবদুর রাজ্জাক প্রথম আলোকে বলেন, অনিয়মের অভিযোগের পরিপ্রেক্ষিতে বুধবার নিলামপ্রক্রিয়া স্থগিত করা হয়েছিল। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে নতুন দরপত্র আহ্বান ছাড়াই গতকাল নিলামপ্রক্রিয়া সম্পন্ন হয়।