বৃষ্টি ও পাহাড়ি ঢলে মৌলভীবাজারের কাউয়াদীঘি হাওরে পানি বৃদ্ধি পেয়েছে। এতে মৌলভীবাজার সদর ও রাজনগর উপজেলার হাওরপারের আটটি ইউনিয়ন নতুন করে প্লাবিত হয়েছে। পানিবন্দী হয়ে পড়েছে প্রায় ৫০ হাজার মানুষ। আটটি আশ্রয়কেন্দ্রে প্রায় দুই শ পরিবার আশ্রয় নিয়েছে।
প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত এপ্রিলে আকস্মিক বন্যায় বোরো ফসল তলিয়ে কাউয়াদীঘি হাওর এমনিতেই পানিতে টইটুম্বুর ছিল। জুনে ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে বন্যাকবলিত হয়। কাউয়াদীঘি হাওরপারের সদর এবং রাজনগর উপজেলার বিভিন্ন এলাকার বাড়িঘর পানিতে তলিয়ে যায়। জুলাইয়ের মাঝামাঝি থেকে পানি কমতে শুরু করে। গত কয়েক দিনের ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে সদর উপজেলার একাটুনা ও আখাইলকুরা ইউনিয়নে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। পানিবন্দী হয়ে পড়েছে অন্তত ২০ হাজার মানুষ। একাটুনা ইউনিয়নের উলুয়াইল মাদ্রাসা ও বরকাপন সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং আখাইলকুরা ইউনিয়নের কাদিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। তিনটি আশ্রয়কেন্দ্রে ১৬৮টি পরিবার আশ্রয় নিয়েছে।
আখাইলকুরা ইউনিয়নের রসুলপুর গ্রামের আলমগীর হোসেন গতকাল শনিবার বলেন, ‘এত দিন অন্তত কিছু রাস্তাঘাট ভাসমান ছিল। এখন সব রাস্তা ডুবে গেছে। আমরা যোগাযোগবিচ্ছিন্ন হয়ে পড়েছি। বাড়ি থেকে মূল সড়কে উঠতে গেলে কোমরপানি ভেঙে যেতে হয়। এলাকার এমন কোনো বাড়ি নেই, যেখানে পানি উঠেনি।’
আখাইলকুরা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সেলিম আহমদ বলেন, ‘আমার ইউনিয়নের অবস্থা খুবই খারাপ। ইউনিয়নের ৫, ৬ ও ৯ নম্বর ওয়ার্ড সম্পূর্ণ যোগাযোগবিচ্ছিন্ন। কয়েক দিনে প্রায় ৫০টি পরিবার আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছে। অনেকে আশ্রয়কেন্দ্রে আসতে চায় না। অনেকে মাচা বেঁধে ঘরে আছে। অন্যদিকে পাগুড়িয়া এলাকায় কিছু পরিবার রাস্তার ওপর এসে আশ্রয় নিয়েছে।’
একাটুনা ইউপির চেয়ারম্যান মো. আবু সুফিয়ান বলেন, ‘এবার পানি বেশি হয়ে গেছে। আমার ইউনিয়নে দুটি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। এ ছাড়া বিভিন্ন বাড়িতে মানুষ আশ্রয় নিয়েছে। মানুষকে ত্রাণ দেওয়া হচ্ছে। কিন্তু ত্রাণ দিয়ে কী হবে? ১০-২০ কেজি চালে একটি পরিবারের দুই-তিন দিন যায়। ইউনিয়নের দুই–তৃতীয়াংশ এলাকাই বন্যাকবলিত।’
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইকবাল হোসেন বলেন, দুটি ইউনিয়নের জন্য ৩০ টন চল বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে একাটুনা ইউনিয়নে বিতরণ করা হয়েছে। আখাইলকুরায় কাল (আজ) বিতরণ করা হবে।
এদিকে রাজনগর উপজেলার কাউয়াদীঘি হাওরপারের ফতেহপুর, পাঁচগাঁও, মুন্সীবাজার, উত্তরভাগ, মুনসুরনগর ও রাজনগর সদর ইউনিয়নের বিভিন্ন এলাকা নতুন করে প্লাবিত হয়েছে। পানিবন্দী হয়েছে প্রায় ৩০ হাজার মানুষ। উপজেলার সারমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, কামালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, উত্তর অন্তেহরি সরকারি প্রাথমিক বিদ্যালয়, বেতাহুঞ্জা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও পাঁচগাঁও উচ্চবিদ্যালয়ে প্রায় ২৫টি পরিবার আশ্রয় নিয়েছে।
উপজেলার মুন্সীবাজার ইউপি চেয়ারম্যান মো. ছালেক মিয়া বলেন, এক দিনে প্রায় এক হাত পানি বেড়ে গেছে। ইউনিয়নের মেদিনীমহল, নিদনপুর, সোনাটিকি, বাঙালি, গাজীরবাজারসহ বিভিন্ন গ্রামের ছয়-সাত হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। বিভিন্ন স্কুলে লোকজন আশ্রয় নিচ্ছে।
ফতেহপুর ইউপি চেয়ারম্যান নকুল চন্দ্র দাশ বলেন, ‘আমার ইউপি কার্যালয়ের বারান্দায় পানি উঠে যাচ্ছে। কিছু বাড়িঘর ভাসমান ছিল। সেগুলোতেও পানি উঠছে। এখন তো গরু-বাছুর ও মহিষ রাখাই কঠিন হচ্ছে। উত্তর অন্তেহরি স্কুলে কিছু পরিবার আশ্রয় নিয়েছে।’
রাজনগরের ইউএনও মোহাম্মদ শরীফুল ইসলাম বলেন, হাওরে সাত-আট ইঞ্চি পানি বেড়ে গেছে। পাঁচটি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। বেশি খারাপ অবস্থা ফতেহপুর, পাঁচগাঁও ও মুন্সীবাজার ইউনিয়নের। বন্যাকবলিতদের জন্য জেলা প্রশাসন থেকে ২ লাখ টাকা এবং ৩০ টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে।
পানি উন্নয়ন বোর্ড (পাউবো) মৌলভীবাজার কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী বিজয় ইন্দ্র শংকর চক্রবর্তী বলেন, হাওরের ওপরে কুশিয়ারার পানি। যে কারণে হাওর থেকে পানি বের হতে পারছে না। বৃষ্টি হলেই পানি বেড়ে যাচ্ছে।