নতুন করে বাঁচার স্বপ্ন দেখছেন রহিমা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘এই জমি থেকে যে ফসল পাব, তা বিক্রি করে নিজে চলতে পারব। একখণ্ড জমি আমাকে নতুন করে বাঁচার স্বপ্ন দেখিয়েছে।’ এসিডদগ্ধ নারীদের জন্য প্রথম আলো সহায়ক তহবিল থেকে দেওয়া অর্থে বন্ধক নেওয়া জমির দলিল হাতে পেয়ে এভাবেই স্বপ্নের কথা জানালেন ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার দাদপুর গ্রামের এসিডদগ্ধ রহিমা খাতুন। ওই তহবিল থেকে সম্প্রতি রহিমাকে ৫০ হাজার টাকা দেওয়া হয়। সেই টাকায় তাঁর নামে ৩৩ শতক জমি বন্ধক নেওয়া হয়েছে।রহিমা খতুন দাদপুর গ্রামের হতদরিদ্র জয়নাল মোল্লার মেয়ে। পার্শ্ববর্তী চৌগাছা উপজেলায় বিয়ের মাত্র ছয় মাস পর ২০০৮ সালের এপ্রিল মাসে রহিমা খাতুনকে তাঁর স্বামী এসিড দিয়ে ঝলসে দেন। এ ঘটনায় মামলা হলেও সমাজপতিদের চাপে মিটমাট করতে বাধ্য হন তিনি।জমির দলিল হস্তান্তর উপলক্ষে গত সোমবার বিকেলে দাদপুর গ্রামে রহিমার বাড়িতে প্রথম আলো সহায়ক তহবিলের উদ্যোগে আয়োজন করা হয় পুনর্বাসন ও সচেতনতামূলক সভা। গ্রামের বয়োজ্যেষ্ঠ হাজি দলিল উদ্দিন বিশ্বাসের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন কালীগঞ্জ পৌরসভার মেয়র মাহবুবার রহমান এবং বিশেষ অতিথি ছিলেন স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাবরুছ সোবাহান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রথম আলো সহায়ক তহবিলের সমন্বয়কারী ফেরদৌস ফয়সাল, ঝিনাইদহের প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক আজাদ রহমান, প্রমুখ।রহিমার হাতে জমির দলিল তুলে দেন প্রধান অতিথি মাহবুবার রহমান।