সাতক্ষীরার কলারোয়ায় ২০০২ সালে তৎকালীন বিরোধীদলীয় নেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়িবহরে হামলার ঘটনায় করা মামলার বিচার নতুন করে শুরু হচ্ছে। ওই ঘটনায় করা মামলাটি এজাহার হিসেবে রেকর্ড করার জন্য সাতক্ষীরার মুখ্য বিচারিক হাকিম নিতাই চন্দ্র সাহা গতকাল বুধবার কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে আদেশ দিয়েছেন।
আদালত সূত্র জানায়, নির্যাতনের শিকার এক গৃহবধূকে দেখতে ২০০২ সালের ৩০ আগস্ট সাতক্ষীরা যান শেখ হাসিনা। ওই গৃহবধূকে দেখে ঢাকায় ফেরার পথে কলারোয়া এলাকায় রাস্তায় প্রতিবন্ধকতা তৈরি করে শেখ হাসিনার গাড়িবহর লক্ষ্য করে গুলি ও বোমা হামলা চালানো হয়। শেখ হাসিনা অল্পের জন্য রক্ষা পেলেও তাঁর সফরসঙ্গী অনেকে আহত হন। তখন এ ঘটনায় থানায় মামলা করতে গেলেও পুলিশ মামলা নেয়নি।
হামলার পর কলারোয়া উপজেলা আওয়ামী লীগের নেতা মোসলেম উদ্দীন বাদী হয়ে সাতক্ষীরার আদালতে বিএনপির ২৭ জন নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা করেন। ওই সময় আদালত মামলাটি তদন্তের জন্য কলারোয়া থানার ওসিকে নির্দেশ দিয়েছিলেন। গাড়িবহরে হামলার ঘটনাটি মিথ্যা বলে তখন আদালতে প্রতিবেদন দাখিল করেছিলেন ওসি। এরপর শুনানি শেষে ২০০৪ সালে মামলাটি খারিজ করে দেন আদালত। পরে বাদী হাইকোর্টে যান। মামলার কার্যক্রম নতুন করে শুরু করাসংক্রান্ত হাইকোর্টের আদেশ কিছুদিন আগে নিম্ন আদালতে পৌঁছায়।
সাতক্ষীরা আদালতের সরকারি কৌঁসুলি ওসমান গণি বলেন, মুখ্য বিচারিক হাকিম বাদীর করা ওই মামলাটিই এজাহার হিসেবে গ্রহণ করার জন্য ওসিকে আদেশ দিয়েছেন।