আকস্মিক ঘূর্ণিঝড় ‘মোরা’ ফরিদা বিবি (২৮) ও মাহাবুল গাজীর দোচালা ঘরটি ভেঙেচুরে উড়িয়ে নিয়ে গেছে। ভাঙা ঘরের নিচে চাপা পড়ে গুরুতর আহত হন মাহাবুল। মাত্র সাড়ে তিন মিনিটের ঝড়ে সবকিছু লন্ডভন্ড হয়ে খোলা আকাশের নিচে আশ্রয় হয় তাঁদের।
ফরিদা বিবির বাড়ি পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চর মোন্তাজ ইউনিয়নের দক্ষিণ চর মোন্তাজ গ্রামে। গত সোমবার গভীর রাতে বিচ্ছিন্ন চর মোন্তাজে ঘূর্ণিঝড়ের আঘাতে চারটি গ্রামে ব্যাপক ক্ষতি হয়েছে। দেড় শতাধিক ঘরবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান, দোকানপাট ও সরকারি-বেসরকারি দপ্তরসহ বিভিন্ন স্থাপনা বিধ্বস্ত হয়েছে। ভেঙে ও উপড়ে পড়েছে বহু গাছপালা। বসতঘর হারিয়ে অনেককে খোলা আকাশের নিচে আশ্রয় নিতে হয়েছে।
গতকাল রোববার সকালে সরেজমিন দেখা যায়, ফরিদা বিবি ও তাঁর স্বামী মাহাবুল বিধ্বস্ত ঘরের টিন-কাঠ কুড়িয়ে এনে আবার নতুন করে মাথা গোঁজার ব্যবস্থা করছেন। মাহাবুল জানান, সিডরে তাঁর ঘরটি উড়িয়ে নিয়ে গিয়েছিল। এরপর থেকে ছেলে মোকসিদুলকে (১৩) নিয়ে নদীতে মাছ ধরে কোনোরকমে সংসার চলত তাঁদের। এবার ঝড়ও তাঁদের মাথা গোঁজার ঠাঁই দোচালা ঘরটি ভেঙেচুরে উড়িয়ে নিয়ে যায়। নিঃস্ব হয়ে পড়েছেন তাঁরা।
তিনি আরও বলেন, ঝড়ের ছয় দিন পেরিয়ে গেলেও এখন পর্যন্ত তাঁরা কোনো সাহায্য-সহযোগিতা পাননি। দুই টাকা আয়ের জন্য ছেলে মাছ ধরতে নদীতে গেছে, আর স্বামী-স্ত্রী মাহাবুল ও ফরিদা নিজেদের বিধ্বস্ত ঘরের টিন-কাঠ কুড়িয়ে এসে নতুন করে আবার মাথা গোঁজার ঘরটি নির্মাণ করছেন।
এদিকে পাশের বাড়িরে কলমজান বিবিকেও (৬০) তাঁর বিধ্বস্ত একচালা ঘরটি মেরামত করতে দেখা গেছে। কলমজান বিবি জানান, দুই বছর আগে তাঁর স্বামী লাল গাজী মারা গেছেন। ছেলে রাসেল গাজী (২৫), ছেলে বউ বিউটি বেগম ও ছয় মাসের নাতিন আকিনুরকে নিয়ে তাঁদের সংসার। ঝড়ে তাঁদের বসতঘরটি মুহূর্তের মধ্যে উড়ে যায়। কোনোরকমে ঘর থেকে বেড়িয়ে প্রাণ বাঁচে তাঁদের। তবে ঝড়ের পর অনেকে সাহায্য পাইলেও তাঁরা এখনো কোনো কিছু পায়নি।
তবে খাদ্য সহায়তা ছাড়াও এখন তাঁদের বসতঘর নির্মাণের জন্য টিন ও অর্থ সহায়তা প্রয়োজন বলে জানান ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা।
চর মোন্তাজ ইউপি চেয়ারম্যান মো. হানিফ মিয়া বলেন, ঘূর্ণিঝড়ের পর থেকে অনেক মানুষ খোলা আকাশের নিচে রয়েছে। নারী, শিশুসহ ১০ জন আহত হয়েছে। ঘরের নিচে চাপা পড়ে একটি গরু মারা গেছে। খাদ্য সহায়তা দেওয়া হলেও এখনো অনেকে এই সহায়তা পাননি। তবে খাদ্য সহায়তার চেয়েও এখন প্রয়োজন মাথা গোঁজার ঘর নির্মাণের জন্য টিন ও অর্থ সহায়তা।
রাঙ্গাবালী উপজেলা প্রশাসক কার্যালয়ে প্রকল্প কর্মকর্তা তপন কুমার ঘোষ জানান, ঘূর্ণিঝড়ে চর মোন্তাজ এলাকায় ৭৮টি ঘর সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে। আংশিক বিধ্বস্ত হয়েছে ১৮০টি ঘর। একটি মসজিদ ও সাতটি মন্দির সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে। এ ছাড়া তিনটি মাদ্রাসা ও একটি মাধ্যমিক বিদ্যালয় বিধ্বস্ত হয়েছে।
তিনি আরও জানান, ক্ষতিগ্রস্ত মানুষের জন্য জরুরি খাদ্য সহায়তা হিসেবে সাড়ে পাঁচ টন চাল বরাদ্দ পাওয়া গেছে। ইতিমধ্যে তিন টন চাল ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের মধ্যে ২০ কেজি হারে বিতরণ করা হয়েছে। এখনো যাঁরা খাদ্য সহায়তা পাননি, তাঁদের কাছে দ্রুত খাদ্য সহায়তা পৌঁছে দেওয়া হবে বলে জানান তিনি।
রাঙ্গাবালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো. রেজাউল করিম বলেন, ইতিমধ্যে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের তালিকা তৈরি করা হয়েছে। খাদ্য সহায়তার পাশাপাশি ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের বিধ্বস্ত ঘর মেরামত করে বসবাসের উপযোগী করার জন্য টিন ও অর্থ সহায়তা দেওয়া উদ্যোগ নেওয়া হয়েছে।