নতুন করে শীত ৩৫ শিশু হাসপাতালে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নতুন করে শীত পড়ায় নীলফামারীর সৈয়দপুরে জীবনযাত্রা স্থবির হয়ে পড়েছে। এর ওপর গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাতে দিনমজুর শ্রেণীর মানুষ পড়েছে চরম দুর্ভোগে। শীতজনিত রোগে ৩৫ শিশুকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ অবস্থা চলছে গত শুক্রবার থেকে।
সৈয়দপুর আবহাওয়া অফিসের সূত্রমতে, গতকাল শনিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। একই সঙ্গে সকাল ছয়টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ১৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। পরিমাণ কম হলেও ওই বৃষ্টি শীতের তীব্রতা বহুগুণ বাড়িয়ে দেয়। হঠাৎ শীত বেড়ে যাওয়ায় সৈয়দপুরে দিনমজুর শ্রেণীর লোকদের দুর্ভোগে পড়তে হয়। বৃষ্টির কারণে তারা কাজে যেতে পারছে না। গুঁড়ি গুঁড়ি বৃষ্টি ও কনকনে শীতের কারণে হাটবাজারে লোকজনের উপস্থিতি তেমন চোখে পড়ছে না। গতকাল সৈয়দপুর সরকারি ১০০ শয্যার হাসপাতালে শীতজনিত রোগীর সংখ্যা বেড়েছে।
হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মনিরুল ইসলাম জানান, শীতজনিত ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ২২ শিশু ভর্তি হয়েছে। অনুরূপ নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে ১৩ শিশুকে ভর্তি করা হয়। এ ছাড়া শীতজনিত রোগে বৃদ্ধরাও হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বলে জানান তিনি।