নতুন করে সংলাপের উদ্যোগ নেবে না আ. লীগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিকতাকে দুর্বলতা হিসেবে দেখেছেন বিরোধীদলীয় নেতা। তাই আর নতুন করে সংলাপের উদ্যোগ নেবে না সরকার। দলটি মনে করছে সংলাপে বিরোধী দলের আগ্রহ নেই।

দলটির কয়েকজন জ্যেষ্ঠ নেতা বলছেন, সংলাপে বসতে স্বয়ং প্রধানমন্ত্রী আমন্ত্রণ জানিয়েছেন বিরোধীদলীয় নেতাকে। কিন্তু হরতাল, নৈরাজ্য ও নাশকতা করে বিরোধী দল সংলাপের পরিবেশকে বিনষ্ট করেছে। তাই নির্বাচন কীভাবে হবে, সে জন্য ইতিমধ্যে মহাজোট ও ১৪-দলীয় জোটের শরিকদের নির্বাচনের প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

এ বিষয়ে প্রধানমন্ত্রীর একজন বিশেষ সহকারী প্রথম আলো ডটকমকে বলেন, প্রধানমন্ত্রীর আন্তরিকতাকে অপব্যবহার করেছেন বিরোধীদলীয় নেতা। তাই নতুন করে প্রধানমন্ত্রী আর তাঁকে আলোচনায় বসার আহ্বান জানাবেন না।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম সাংবাদিকদের বলেন, ‘আমরা বিশ্বাস করি, আলোচনার মাধ্যমেই চলমান রাজনৈতিক সংকট নিরসন সম্ভব। এ জন্য প্রধানমন্ত্রী বিরোধীদলীয় নেতাকে ফোন করেছেন। আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন। এখন বিরোধীদলীয় নেতার উচিত এগিয়ে আসা। নতুন করে প্রধানমন্ত্রী আর উদ্যোগ নেবেন না।’

এ ছাড়া সরকারের পক্ষ থেকে প্রশাসনকে শক্ত হাতে নাশকতা মোকাবিলার উদ্যোগ নেওয়া হয়েছে। দলটির ঘনিষ্ঠ কয়েকটি সূত্র বলছে, প্রধানমন্ত্রী স্বয়ং এ বিষয়ে ব্যবস্থা নিতে স্বরাষ্ট্রমন্ত্রীকে নির্দেশ দিয়েছেন। জনগণের জানমাল রক্ষায় আওয়ামী লীগের অঙ্গ-সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলোকে নিজ নিজ এলাকায় পাহারা বসাতে নির্দেশ দেন আওয়ামী লীগ সভানেত্রী।

এর আগে গতকাল সোমবার এক সংবাদ সম্মেলনে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছিলেন, ‘সংলাপের উদ্যোগ সরকারকেই নিতে হবে।’  

বিএনপি না এলে কী হবে
আওয়ামী লীগের নেতারা বলছেন, নির্বাচনকালীন সরকারব্যবস্থা নিয়ে প্রধান বিরোধী দল বিএনপির সঙ্গে সমঝোতা না হলে ছোট ছোট দলের প্রতিনিধিদের নিয়ে সর্বদলীয় সরকার গঠন করা হবে। এর অংশ হিসেবে শেখ হাসিনা মহাজোটের অন্যতম শরিক জাতীয় পার্টি ও ১৪-দলীয় জোটের শরিকদের সঙ্গে বৈঠক করেছেন।

১৪ দলের এক শরিক নেতা প্রথম আলো ডটকমকে বলেন, সংসদে প্রতিনিধিত্ব আছে এমন দলগুলোর অংশগ্রহণের ভিত্তিতে ‘নির্বাচিত সর্বদলীয় সরকার’ গঠন করা হবে। তবে গত নবম জাতীয় সংসদ নির্বাচনে কোন দল কেমন ভোট পেয়েছে তার ভিত্তিতেও ‘অনির্বাচিত সর্বদলীয় সরকার’ করা যায় কি না, সে বিষয়ে প্রধানমন্ত্রী ছোট দলগুলোর সঙ্গে আলোচনা করবেন। তবে সবকিছু নির্ভর করবে বিএনপির আন্দোলনের ওপর। ১৪ দলের এই নেতা প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের কয়েকটি সূত্র বলেছে, এরই অংশ হিসেবে আজ সন্ধ্যা সাড়ে সাতটায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (বাসদ) সঙ্গে শেখ হাসিনা বৈঠক করবেন। মহাজোট থেকে বেরিয়ে যাওয়া দল দুটিকে প্রধানমন্ত্রী সর্বদলীয় সরকারে যোগ দেওয়ার আহ্বান জানাতে পারেন।

বৈঠকে কী আলোচনা হতে পারে এ বিষয়ে সিপিবির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম প্রথম আলো ডটকমকে বলেন, ‘সব দলের ফর্মুলা নিয়ে আলোচনা করে ঐকমত্যে পৌঁছানো যায়, আমরা সে বিষয়ে প্রধানমন্ত্রীকে সংকট নিরসনের জন্য আহ্বান জানাব।  আশা করি, তিনি সংকট নিরসনে কার্যকর উদ্যোগ নেবেন।’

বিরক্ত শেখ হাসিনা: আওয়ামী লীগ নেতাদের মতে, ৪ মে প্রধানমন্ত্রী বিরোধীদলীয় নেতাকে সংলাপের আমন্ত্রণ জানিয়েছিলেন। কিন্তু খালেদা জিয়া ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিয়ে সেই সম্ভাবনাকে নষ্ট করে দেন। আবার ২৫ অক্টোবর বিরোধীদলীয় নেতা প্রধানমন্ত্রীকে আলোচনার উদ্যোগ নেওয়ার আহ্বান জানান। সেই হিসেবে ২৭ অক্টোবর আলোচনার উদ্যোগ নিতেই প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে ফোন করেন। কিন্তু বিরোধীদলীয় নেতার কাছ থেকে আশানুরূপ সাড়া না পাওয়ায় ভীষণ বিরক্ত প্রধানমন্ত্রী।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেন, ‘উনি (খালেদা জিয়া) পছন্দমতো যেকোনো দিন আলোচনা জন্য আসতে পারেন। আমাদের পক্ষ থেকে দাওয়াত অব্যাহত আছে। তাই আলোচনার উদ্যোগ এখন বিরোধীদলীয় নেত্রীকেই নিতে হবে।’