নতুন করে স্বপ্ন দেখছে শ্রমিক পরিবারগুলো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উচ্চ আদালতে মালিক পক্ষের রিট খারিজ হওয়ায় খুলনার দাদা ম্যাচ ফ্যাক্টরি চালুর পথ সুগম হয়েছে। অর্থ ও শিল্প মন্ত্রণালয় ত্বরিত ব্যবস্থা নিলে কারখানাটি চালু হতে পারে। কারখানাটি চালু করতে আইনগত আর কোনো বাধা না থাকায় নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছে দীর্ঘদিন ধরে কষ্টে থাকা শ্রমিকদের পরিবারগুলো।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, অর্থাভাব দেখিয়ে মালিকপক্ষ গত বছর ১৮ আগস্ট কারখানাটি বন্ধ করে দেয়। এর পর থেকে কয়েক হাজার শ্রমিক-কর্মচারীর মানবেতর জীবনযাপনের কথা জেনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ বছর ৫ মার্চ খুলনার খালিশপুরে জনসভায় কারখানাটি চালু করার প্রতিশ্রুতি দেন।শিল্প মন্ত্রণালয়ের নির্দেশে খুলনা জেলা প্রশাসন ২৩ মার্চ কারখানাটি সরকারের নিয়ন্ত্রণে নেয়। সরকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে মেসার্স ভাইয়া গ্রুপের (তৎকালীন মালিক) পক্ষে উচ্চ আদালতে রিট আবেদন করা হয়। শুনানি শেষে আদালত ১১ আগস্ট আবেদন খারিজ করে দেন। কারখানার ওয়ার্কার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক এইচ এম শাহাদাৎ বলেন, উচ্চ আদালতে রিট আবেদন খারিজ হওয়ায় এখন কারখানাটি চালু করতে কোনো আইনি জটিলতা নেই।বাংলাদেশ রসায়ন শিল্প সংস্থা (বিসিআইসি) সূত্রে জানা গেছে, ২ আগস্ট শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া, শ্রম প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান, বিসিআইসির চেয়ারম্যান গোলাম রব্বানী, কারখানার ওয়ার্কার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক এইচ এম শাহাদতের উপস্থিতিতে বৈঠক হয়। বৈঠকের একটি সূত্র জানায়, কারখানাটি চালু করতে ৩০ থেকে ৩৫ কোটি টাকার প্রয়োজনের কথা জানিয়েছে বিসিআইসি।কারখানার ওয়ার্কার্স ইউনিয়নের সভাপতি দিলখোশ মিয়া বলেন, ‘মালিকপক্ষের আবেদন আদালতে খারিজ হওয়ায় শ্রমিকদের পরিবারগুলো নতুন করে বাঁচার স্বপ্ন দেখা শুরু করেছে। আপনারাও একটু লেখেন, যাতে আমরাও ঈদ করতে পারি। ঈদের আগে কারখানাটি চালু করতে শিল্প ও অর্থ মন্ত্রণালয়ের সদিচ্ছাই যথেষ্ট।’শ্রম প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান বলেন, একদিকে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি, অন্যদিকে শিল্পমন্ত্রীর পূর্ণ সমর্থন। এখন মিলটি চালুর ক্ষেত্রে কোনো বাধা থাকতে পারে না।