চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচারের জন্য ১৪টি মামলা পাঠানো হয়েছে। মহানগর আদালতে বিচারাধীন এসব মামলা গতকাল বৃহস্পতিবার ট্রাইব্যুনালে পাঠান চট্টগ্রাম মহানগর দায়রা জজ মো. শাহেনূর। ১৪ মামলা পাঠানোর আগ পর্যন্ত চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালে মাত্র তিনটি মামলার বিচার চলছিল।
চট্টগ্রাম মহানগর সরকারি কৌঁসুলি মো. ফখরুদ্দিন চৌধুরী ও দ্রুত বিচার ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি আইয়ুব খান প্রথম আলোকে বলেন, সরকার গত বছরের নভেম্বর মাসে এক প্রজ্ঞাপনের মাধ্যমে দ্রুত বিচার ট্রাইব্যুনালকে বিশেষ দায়রা আদালত ঘোষণা করে। যে ১৪টি মামলা ট্রাইব্যুনালে পাঠানো হয়েছে এর মধ্যে ২০০৫ সালের ২৯ নভেম্বর চট্টগ্রাম আদালতে জঙ্গিদের বোমা হামলায় পুলিশসহ দুজন নিহতের হত্যা মামলাও রয়েছে।
‘মামলা আসছে না চট্টগ্রাম দ্রুত বিচার ট্রাইব্যুনালে’ শিরোনামে গত বুধবার প্রথম আলোয় প্রতিবেদন প্রকাশিত হয়।