নতুন করে ১৫০ গ্রাম প্লাবিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘূর্ণিঝড় মহাসেনে ক্ষতিগ্রস্ত বরগুনার পানিবন্দী পরিবারগুলোর মানুষের ভোগান্তি আরও বেড়েছে। গতকাল ভাঙা বাঁধ দিয়ে জোয়ারের পানি ঢুকে বুকসমান পানিতে প্লাবিত হয়েছে জেলার বিভিন্ন এলাকা। প্রায় এক লাখ পরিবার ১০ দিন ধরে পানিবন্দী। ক্ষতিগ্রস্ত এসব পরিবারের সদস্যরা ১০ দিনেও তেমন ত্রাণ না পাওয়ায় অনাহারে দিন কাটাচ্ছে। পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার সকালে জেলার বিভিন্ন নদ-নদীতে বিপৎসীমার ওপর দিয়ে ৩ দশমিক ১১ সেন্টিমিটার উচ্চতার পানি হয়। এতে বরগুনা সদরের নলটোনা, বালিয়াতলী, বদরখালী, ঢলুয়া; তালতলীর সোনাকাটা, বড়বগী, নিশানবাড়িয়া, শারিকখালী, পচাকোড়ালিয়া, ছোটবগী; আমতলীর চাওড়া, আরপাঙ্গাশিয়া; পাথরঘাটার সদর, কাকচিঁড়া, চরদুয়ানিসহ ১৪টি ইউনিয়নের প্রায় ১৫০টি গ্রাম নতুন করে প্লাবিত হয়েছে। মহাসেনের পর কয়েক দিনে এসব গ্রামের পানি কমে গেলেও গতকাল তা অনেক বেড়ে যায়।গতকাল শুক্রবার সকালে সদরের ছোট বালিয়াতলী এলাকায় গিয়ে দেখা যায়, পানির তোড়ে পায়রা নদীর বাঁধের তিনটি স্থানের প্রায় ৪০০ ফুট নতুন করে বিলীন হয়ে গেছে। এর আগের দিন ওই বাঁধের আরও দুটি স্থান জোয়ারের চাপে বিলীন হয়ে যায়। বাঁধ ভেঙে প্রবল বেগে পানি ঢুকে পড়ছে আশপাশের গ্রামগুলোতে। এতে চারটি গ্রামের দুই হাজার পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। এসব গ্রামের বাসিন্দাদের ঘরে হাঁটুপানি। ছোট বালিয়াতলী গ্রামের বাসিন্দা সেন্টু হাওলাদার বলেন, ‘বইন্নার পানি ওঠছে পর অইতে ঘরে ঘুমাইতে পারি না। ঘরে খাওন নাই। পোলাপানের মোহের দিকে চাইতে পারি না। এইয়্যা থুইয়্যা কামে যামু হেইয়্যাও যাইতে পারি না।’ একই গ্রামের জহুরা বেগম (৫৫) বলেন, ‘বইন্নায় ঘর-দুয়ার সব গ্যাছে। এহন খাতা-কাপুড় পানিতে ভাইস্যা গ্যাছে। পানির ভয়তে রাইতে অপদার বান্দে (পাউবোর বাঁধ) ঘুমাই।’ রাঙ্গাবালীতে বেড়িবাঁধে ফাটল: পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার কাছিয়াবুনিয়া খালগোড়া বাজারের কাছে পাউবোর বেড়িবাঁধের স্লুইসগেটের পাটাতন, দুই পাশের দেয়াল ও বাঁধে ফাটল ধরে বৃহস্পতিবার রাত থেকে জোয়ারের সময় এলাকায় পানি ঢুকছে। এতে রাঙ্গাবালীর কাছিয়াবুনিয়া, কাজীর হাওলা, নিজহাওলা, পশুরবুনিয়া, গণ্ডাদুলা, পুলঘাট, খালগোড়াবাজার ও নেতা গ্রাম প্লাবিত হওয়ার আশঙ্কা করছেন এলাকার অনেকেই। গতকাল সকাল থেকে এলাকার বেশ কিছু লোক স্বেচ্ছাশ্রমে স্লুইসগেটের দুই পাশের বেড়িবাঁধ সংস্কারের কাজ শুরু করেছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিয়াকত আলী বলেন, ‘আমরা বাঁধে ফাটল ধরার বিষয়টি শুনেছি। শিগগিরই যাতে এটি সংস্কার করা হয়, সে ব্যবস্থা নেওয়া হবে।’ পাউবো রাঙ্গাবালীর উপসহকারী প্রকৌশলী নজরুল ইসলাম বলেন, ‘দুই-এক দিনের মধ্যে আমরা ওখানে স্থায়ী বাঁধ দেওয়ার ব্যবস্থা করব।’কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি জানান, গতকাল সকালে জোয়ারে কলাপাড়া-কুয়াকাটা সড়কের কলাপাড়া, হাজীপুর ও মহিপুর ফেরির গ্যাংওয়ে ডুবে যাওয়ায় সকাল নয়টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত গাড়ি চলাচল ব্যাহত হয়েছে। খেপুপাড়া ঝড় সংকেতকারী রাডার স্টেশন ও পাইলট বেলুন অবজারভেটরির (পিবিও) প্রকৌশলী প্রদীপ কুমার চক্রবর্তী বলেন, ‘বজ্রমেঘের প্রভাব আর পূর্ণিমার জো-এর কারণে পানির চাপ একটু বেশি। এর ফলে নিম্নাঞ্চল কয়েক দফা প্লাবিত হবে। আগামী দু-তিন দিনের মধ্যে এটা কেটে যাবে।’