নতুন করে ৬ জেলায় বন্যা, ১১ জেলায় উন্নতি

দেশের মধ্যাঞ্চলের ছয় জেলা গতকাল বুধবার থেকে বন্যাকবলিত হয়েছে। এ নিয়ে গত চার দিনে ২৬টি জেলায় বন্যা দেখা দিল। তবে গতকাল পর্যন্ত ১১ জেলায় বন্যার উন্নতি হয়েছে। অবনতি হয়েছে ৬ জেলায়, আর ৩ জেলায় অপরিবর্তিত আছে।
নতুন করে ফরিদপুর, রাজবাড়ী, টাঙ্গাইল, শরীয়তপুর, মানিকগঞ্জ ও ঢাকার নবাবগঞ্জ-দোহারে বন্যা দেখা দিয়েছে। গতকাল দিনাজপুর, ঠাকুরগাঁও, নীলফামারী, রংপুর, লালমনিরহাট, পঞ্চগড়, সুনামগঞ্জ, সিলেট, নেত্রকোনা, ময়মনসিংহ ও ব্রাহ্মণবাড়িয়া—এই ১১ জেলায় বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। অবনতি হয়েছে জয়পুরহাট, গাইবান্ধা, সিরাজগঞ্জ, নওগাঁ, বগুড়া ও শেরপুরে। আর অপরিবর্তিত আছে কুড়িগ্রাম, রাজশাহী ও জামালপুরে। বন্যার কারণে সারা দেশে প্রায় ২ হাজার ৬৪০টি শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। এর মধ্যে শুধু রংপুর বিভাগেই বন্ধ আছে ১ হাজার ৬৩৪টি শিক্ষাপ্রতিষ্ঠান।
আমাদের নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:
বন্যায় ৫০ জনের মৃত্যু
গত চার দিনে বন্যায় সারা দেশে ৫০ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। গতকাল ছয় জেলায় আরও ১৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর মধ্যে দিনাজপুরে পাঁচজন, ঠাকুরগাঁও, নেত্রকোনা ও জামালপুরে দুজন করে এবং নওগাঁ ও গাইবান্ধায় দুজন মারা গেছেন।
দিনাজপুরের বিরলে গত মঙ্গলবার দুজন ও কাহারোলে এক শিশু পানিতে ডুবে মারা গেছে। নিহত ব্যক্তিরা কাহারোলের রণিপুকুর গ্রামের আবদুস ছাত্তার (৪৮) ও পলাশবাড়ী গ্রামের মাহফুজার রহমান (২৫)। কাহারোলে নিহত শিশু মৌ (৬) সুন্দরপুর গ্রামের শহিদুল ইসলামের মেয়ে। জেলার পার্বতীপুর উপজেলায় বন্যার পানির স্রোতে ভেসে গিয়ে আতাবুর রহমান (৫৫) ও দুলাল হোসেন (৩৫) নামে দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। ঠাকুরগাঁওয়ে বন্যায় নিহত ব্যক্তিরা হলেন শহরের কলেজপাড়া এলাকার রিয়াদ (২০) ও ইসলাম নগর এলাকার আবু সামা রানা (১৪)।
নওগাঁর আত্রাইয়ে বন্যার পানিতে ডুবে নওদুলী গ্রামের আবদুস সাত্তারের ছেলে রেহান রহমান (৯) মারা যায়। গত মঙ্গলবার সন্ধ্যায় নেত্রকোনার কলমাকান্দায় পানিতে পড়ে দুই ব্যক্তি মারা গেছেন। নিহত ব্যক্তিরা হলেন চকপাড়া গ্রামের মকবুল হোসেন (৮৫) ও মণ্ডলেরগাতি গ্রামের জামাল মিয়া (৫০)। বন্যার পানিতে পড়ে গতকাল গাইবান্ধার গোবিন্দগঞ্জে রিয়া মনি (৫) নামের এক শিশু মারা গেছে।
জামালপুরে নিহত ব্যক্তিরা হলেন মেলান্দহের নাগেরপাড়া গ্রামের স্কুলছাত্র জিল্লুর রহমান (১৭) ও বকশীগঞ্জের মালিরচর গ্রামের মোজাম্মেল হক (৪৫)। নিখোঁজ ব্যক্তিরা হলেন একই উপজেলার কাজীরপাড়া গ্রামের সজীব শেখ (১৭) ও জামালপুর সদর উপজেলার তেঁতুলিয়া এলাকার লাল মিয়া (৪৩)।
ত্রাণ অপ্রতুল
বন্যাদুর্গত মানুষের জন্য জেলা ও উপজেলা প্রশাসনের ত্রাণ সরবরাহ কার্যক্রম অব্যাহত আছে। তবে তা চাহিদার তুলনায় অপ্রতুল। সিরাজগঞ্জে বাঁধে আশ্রিত গৃহবধূ শিউলী খাতুন জানান, তিন দিন আগে বাঁধের ওপরই তাঁর পুত্রসন্তানের জন্ম হয়েছে। খাওয়ার পানির সংকটে অনেক কষ্টে তাঁরা দিনযাপন করছেন। ছোট গুনেরগাতী গ্রামের আকলিমা, রাজিয়া খাতুনসহ অনেকে বলেন, চার দিন হলো বাঁধে আশ্রয় নিলেও এখন পর্যন্ত সরকারি কোনো ত্রাণসামগ্রী পাননি তাঁরা। জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আবদুর রহিম জানান, সব আশ্রয়কেন্দ্রে ত্রাণসামগ্রী পাঠানো হয়েছে। কেউ বিতরণ করেছে, কেউ পরে করবে।
নীলফামারী জেলা ত্রাণ ও পুনর্বাসন কার্যালয় জানিয়েছে, সরকারিভাবে জেলায় ১৯৬ মেট্রিক টন চাল, ৯ লাখ টাকা ও ২ হাজার প্যাকেট শুকনো খাবার বিতরণ করা হয়েছে। নওগাঁয় বন্যাদুর্গত মানুষের কাছে ত্রাণ না পৌঁছানোর অভিযোগ পাওয়া গেছে।
সুনামগঞ্জ জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. মাহবুবুর রহমান জানান, জেলার বন্যাকবলিত এলাকার মানুষের জন্য ত্রাণ হিসেবে ২২৩ মেট্রিক টন চাল, ৩ লাখ ৯০ হাজার টাকা এবং ২ হাজার প্যাকেট শুকনা খাবারের বরাদ্দ পাওয়া গেছে। গাইবান্ধায় প্রয়োজনের তুলনায় ত্রাণ অপ্রতুল। এ পর্যন্ত ৫০০ মেট্রিক টন চাল এবং ১০ লাখ টাকা বরাদ্দ পাওয়া গেছে। দুর্গত এলাকায় এসব ত্রাণ বিতরণ করা হচ্ছে।
পঞ্চগড়ে এখনো অনেকে ত্রাণ পায়নি। গতকাল পাঁচ উপজেলা ও এক পৌরসভার জন্য ২০০ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। এ পর্যন্ত সিরাজগঞ্জে ৩৩৫ মেট্রিন টন চাল, ১২ হাজার টাকা বিতরণ করা হয়েছে।
পানিবন্দী মানুষের দুর্ভোগ
রংপুরের গঙ্গাচড়া উপজেলার গজঘণ্টা ইউনিয়নের রাজবল্লভ, ছালাপাক ও রমাকান্ত এলাকায় এখনো প্রায় ৫ হাজার মানুষ পানিবন্দী। এসব এলাকায় যাওয়ার একমাত্র পথ হলো নৌকা। উপজেলা পরিষদ ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের পক্ষ থেকে গতকাল সকালের দিকে শুকনা খাবার পৌঁছানো হয়েছে। কুড়িগ্রামের বিভিন্ন চরে প্রায় সাড়ে চার লাখ মানুষ পানিবন্দী।
টাঙ্গাইলে গতকাল থেকে বন্যার পানি ঢোকা শুরু করেছে। ভূঞাপুর উপজেলার যমুনার চরাঞ্চলের অর্জুনা ইউনিয়নের পুরোটাই এখন পানির নিচে। যমুনার পানি বেড়ে যাওয়ায় গত পাঁচ দিনে ইউনিয়নের ১৮টি গ্রামের সব কটিই তলিয়ে গেছে। পানিবন্দী হয়ে পড়েছে এই ইউনিয়নের প্রায় ৩৫ হাজার মানুষ। শামছুর রহমান নামে এক ব্যক্তিকে দেখা গেল, জিনিসপত্র নৌকায় তুলে ছুটছেন ভূঞাপুর উপজেলা সদরের দিকে। তিনি বলেন, সেখানে তাঁর ভাইয়ের বাড়িতে আশ্রয় নেবেন। নতুন করে বন্যাকবলিত হয়েছে ফরিদপুর সদর, চরভদ্রাসন ও সদরপুর উপজেলার ১৩টি ইউনিয়নের ১৪৬টি গ্রাম।
এ ছাড়া মানিকগঞ্জের নিচু চরাঞ্চলগুলোর বসতভিটায় পানি ঢুকে পড়েছে। পানি ঢুকে পড়েছে ঢাকার দোহারের নয়াবাড়ি ইউনিয়নের ধোয়াইরের দেওয়ান বাড়ির মোড়সহ কয়েকটি গ্রামে। গত মঙ্গলবার গভীর রাত থেকে বেড়িবাঁধের ওপর দিয়ে বন্যার পানি প্রবাহিত হচ্ছে। এতে দোহার-নবাবগঞ্জের নিম্নাঞ্চল¤প্লাবিত হচ্ছে।