নতুন কর্মসূচি নিয়ে সারা দেশে সক্রিয় থাকবে গণজাগরণ মঞ্চ
একটানা স্লোগান, তিন মিনিটের নীরবতা, কোটি হাতে মোমবাতি প্রজ্বালন, শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয় সংগীত পরিবেশন, শহীদদের উদ্দেশে পাঠানো চিঠিসহ বেলুন ওড়ানো—একের পর এক সৃজনশীল সব কর্মসূচির সিঁড়ি বেয়ে আজ বৃহস্পতিবার ১৭তম দিনে শাহবাগ আন্দোলন। আজ অনুষ্ঠিত হচ্ছে তৃতীয় মহাসমাবেশ।জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল কাদের মোল্লার মামলার যাবজ্জীবন সাজার রায় প্রত্যাখ্যান করে ৫ ফেব্রুয়ারি এই আন্দোলন শুরু করেন তরুণেরা। নিরবচ্ছিন্ন, সুশৃঙ্খল এই আন্দোলন অসীম এক শক্তি দেখাল বাংলাদেশের মানুষকে। রাজধানীর সীমানা ছাড়িয়ে দেশের প্রতিটি প্রান্তের কোটি মানুষের হূদয় ছুঁয়েছেন চেতনার প্রদীপ জ্বালানো তরুণেরা।আন্দোলনকারীরা জানিয়েছেন, আজকের মহাসমাবেশের পর শাহবাগের নিরবচ্ছিন্ন কর্মসূচি থেকে বেরিয়ে তাঁরা ঢাকার অন্যান্য স্থানসহ সারা দেশে কর্মসূচি পালন করবেন। মহাসমাবেশ থেকে গণস্বাক্ষর সংগ্রহ, ঢাকার রায়েরবাজারের স্মৃতিসৌধ, মিরপুরের শহীদ বুদ্ধিজীবী করবস্থান, সাভারের জাতীয় স্মৃতিসৌধে গণজাগরণ মঞ্চের ব্যানারে কর্মসূচি পালনের ঘোষণা আসতে পারে। আগামী সাত দিন ধরে এসব কর্মসূচি চলবে। এরপর চট্টগ্রাম, রাজশাহীসহ সব বিভাগীয় এবং পরে জেলা শহরে কর্মসূচি পালন করা হবে।ব্লগার অ্যান্ড অনলাইন অ্যাকটিভিস্ট নেটওয়ার্কের আহ্বায়ক ইমরান এইচ সরকার গতকাল প্রথম আলোকে বলেন, ‘৫ ফেব্রুয়ারি থেকে একটানা আমরা শাহবাগে আছি। এবার আমরা শাহবাগের পাশাপাশি ঢাকার বিভিন্ন স্থান এবং ঢাকার বাইরে বিভাগীয় ও জেলা শহরে গণজাগরণ মঞ্চের ব্যানারে কর্মসূচি পালনের সিদ্ধান্ত নিয়েছি। আমরা চাই, সারা দেশ আমাদের সঙ্গে একাত্ম হোক।’আন্দোলনের নেতৃত্বদানকারী আরেকজন বাংলাদেশ যুব ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক খান আসাদুজ্জমান বলেন, ‘মানবতাবিরোধী অপরাধীদের বিচার এবং জামায়াত-শিবিরের নিষিদ্ধের বিষয়ে আমরা সারা দেশকে এক সুতায় গাঁথতে চাই। সেভাবেই আমরা কর্মসূচি ঠিক করছি।’৫ ফেব্রুয়ারি তরুণ প্রজন্ম প্রতিবাদের ডাক দিলে সর্বস্তরের মানুষ সংহতি জানিয়ে আন্দোলনে যোগ দেয়। ৮ ফেব্রুয়ারির মহাসমাবেশে লাখো মানুষ উপস্থিত হয়ে মানবতাবিরোধীদের ফাঁসির দাবিতে সোচ্চার হন। ১২ ফেব্রুয়ারি বিকেল চারটায় পালন করা হয় তিন মিনিটের নীরবতা। ১৪ ফেব্রুয়ারি সন্ধ্যায় কোটি শিখায় আলোকিত হয়ে ওঠে বাংলাদেশ। ১৫ ফেব্রুয়ারি জাগরণ সমাবেশ থেকে জামায়াত-শিবির নিষিদ্ধের দাবি জানানো হয়। ওই সমাবেশ থেকে আন্দোলন দিন-রাত ২৪ ঘণ্টা থেকে কমিয়ে বিকেল তিনটা থেকে রাত ১০টা পর্যন্ত সংক্ষিপ্ত করার ঘোষণা দেওয়া হয়। কিন্তু সেদিন রাতেই ব্লগার ও স্থপতি আহমেদ রাজীব হায়দারকে তাঁর বাসার সামনে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। আবারও একটানা কর্মসূচিতে ফিরে যান তরুণেরা।১৬ ফেব্রুয়ারি বিকেলে ব্লগার রাজীবের জানাজায় উপস্থিত হন লাখো মানুষ। রাজীবের কফিন ছুঁয়ে রাজপথে থাকার শপথ নেন তরুণেরা। ১৭ ফেব্রুয়ারি সকালে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে একযোগে গাওয়া হয় প্রিয় জাতীয় সংগীত ‘আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি’। ১৮ ফেব্রুয়ারি ডাকা জামায়াতের হরতাল প্রত্যাখ্যান করেন মানুষ। গতকাল মানবতাবিরোধীদের ফাঁসির দাবিতে তরুণ প্রজন্মের জেগে ওঠার বার্তা প্রতীকী অর্থে শহীদদের কাছে পৌঁছাতে চিঠিসহ বেলুন ওড়ানো হয় আকাশে।ইমরান এইচ সরকার বলেন, মানবতাবিরোধী অপরাধীদের বিচারের জন্য জাতি ঐক্যবদ্ধ হয়েছে। সরকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধন করেছে। প্রেসক্লাব থেকে মানবতাবিরোধী অপরাধী আবদুল কাদের মোল্লা ও কামারুজ্জামানের সদস্যপদ বাতিল করা হয়েছে। তিনি বলেন, ‘তবে চূড়ান্ত বিজয় না হওয়া পর্যন্ত আমরা সাধারণ মানুষকে নিয়ে এই আন্দোলন চালিয়ে যাব।’