বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলেছেন, ক্ষমতাসীন দল আওয়ামী লীগ গণতন্ত্রে বিশ্বাস করে না। স্বাধীনতার পর ক্ষমতায় এসে দলটি একদলীয় বাকশাল কায়েম করেছিল। এখনো তারা গণতন্ত্র ধ্বংস করতে নতুন নতুন ষড়যন্ত্র করছে। নতুন কল্পকাহিনি তৈরি করছে। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৭৬তম জন্মবার্ষিকী উপলক্ষে গতকাল শনিবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে অনুষ্ঠিত এক আলোচনা সভায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব এ কথা জানান। ‘সীমান্তে যা কিছু ঘটছে, তা নিয়ে রাষ্ট্র চিন্তিত নয়’—এই বক্তব্য দেওয়ায় সভায় স্থানীয় সরকারমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামকে ধিক্কার জানান মির্জা ফখরুল। তিনি বলেন, ‘এই সরকার জনগণের নিরাপত্তা দিতে পারছে না। তাই সরকারের পদত্যাগ দাবি করছি।’দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান বলেন, আওয়ামী লীগ সব সময় সেনা-সমর্থিত সরকারকে স্বাগত জানিয়েছে। তারা সব সময় গণতন্ত্রকে ধ্বংস করেছে। আলোচনা সভায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকলেও তিনি কোনো বক্তৃতা করেননি। আলোচনা সভায় আরও বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এমাজউদ্দীন আহমদ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য মুস্তাহিদুর রহমান, বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ প্রমুখ। সেনা অভ্যুত্থান না হওয়ায় বিএনপি খুশি: বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ বলেছেন, ‘আমরা কোনো দিন কোনো সেনা অভ্যুত্থানকে সমর্থন করব না। আমরা আর কোনো সেনা অভ্যুত্থান দেখতে চাই না। এবার সেনা অভ্যুত্থান না হওয়ায় বিএনপি খুশি।’গতকাল দুপুরে জাতীয় প্রেসক্লাবে নাগরিক ফোরাম আয়োজিত গোলটেবিল আলোচনা সভায় তিনি এ কথা বলেন।