>

* মিলের ৫০ একর জমিতে ৮০০ মেগাওয়াট-সম্পন্ন কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎকেন্দ্র নির্মাণের প্রক্রিয়া চলছে * পাশাপাশি মিলের প্রায় ৩৮ একর জমিতে ৪৫ হাজার মেট্রিক টন উৎপাদন ক্ষমতাসম্পন্ন একটি নতুন কাগজকল স্থাপনের প্রস্তাবও দেওয়া হয়েছে * অবহেলা ও অযত্নে মিলটির কোটি কোটি টাকার যন্ত্রপাতি ও অন্যান্য জিনিস নষ্ট হচ্ছে
১৪ বছর আগে বন্ধ হয়ে যাওয়ার পর বিভিন্ন সময়ে খুলনা নিউজপ্রিন্ট মিলটি আবার চালুর কথা বলা হয়েছে। বলা হয়েছে নানা পরিকল্পনা ও প্রস্তাবনার কথাও। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেসব পরিকল্পনা ও প্রস্তাবনা বারবার বাতিল হয়েছে। এখন নতুন করে মিলের জমিতে একটি কাগজকল স্থাপন ও একটি বিদ্যুৎকেন্দ্র নির্মাণের প্রস্তাবনা মন্ত্রণালয়ে জমা দেওয়া হয়েছে। মিলের একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সভাপতি শেখ আশরাফ-উজ-জামান প্রথম আলোকে বলেন, ১৪ বছরে বিভিন্ন সময়ে মিলটি নিয়ে বিভিন্ন প্রস্তাবনা নিয়েছে সরকার। কিন্তু তা কখনো আলোর মুখ দেখেনি। বর্তমানে নেওয়া নতুন কাগজকল স্থাপন ও বিদ্যুৎকেন্দ্র নির্মাণের প্রস্তাবনা যেন বাস্তবায়িত হয়, সেটাই চাওয়া খুলনাবাসীর।
মিলের প্রশাসনিক বিভাগের প্রধান মো. নুরুল্লাহ বাহার বলেন, মিলের ৫০ একর জমিতে ৮০০ মেগাওয়াট-সম্পন্ন কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎকেন্দ্র নির্মাণের প্রক্রিয়া চলছে। ২০১৫ সালের মার্চে বোর্ডের সভায় এ ব্যাপারে নীতিগত সিদ্ধান্ত হয়। ইতিমধ্যে জমির পরিমাপ শেষ। বিসিআইসির পক্ষ থেকে ৮৬৪ কোটি ২৪ লাখ টাকা জমির মূল্য নির্ধারণের প্রস্তাব করা হয়েছে। চলতি বছরের সেপ্টেম্বরে এ-সংক্রান্ত একটি চিঠি শিল্প মন্ত্রণালয়ে পাঠিয়েছে মিল কর্তৃপক্ষ।
প্রাথমিক সিদ্ধান্ত অনুযায়ী, এই বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করবে নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেড (নওপাজেকো)। সেখানকার সহকারী প্রকৌশলী ইমতিয়াজ আহমেদ বলেন, বিদ্যুৎকেন্দ্র নির্মাণের বিষয়টি মন্ত্রণালয়ে প্রক্রিয়াধীন আছে। ভারত থেকে আমদানি করা এলএনজি (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস) জ্বালানি হিসেবে ব্যবহার করা হবে।
সূত্র জানায়, এই বিদ্যুৎকেন্দ্রের শেয়ার থাকতে চাইছে মিলের মূল মালিক বাংলাদেশ রসায়ন শিল্প সংস্থা (বিসিআইসি)। শিল্প মন্ত্রণালয়ের পাঠানো চিঠিতে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডকে (পিডিবি) দিতে চাওয়া জমির সমমূল্যের টাকার শেয়ার খুলনা নিউজপ্রিন্ট মিলকে দেওয়ার জন্য প্রস্তাব দিয়েছে বিসিআইসি।
মিল ব্যবস্থাপনা আরেকটি সূত্র জানায়, বিদ্যুৎকেন্দ্র নির্মাণের পাশাপাশি মিলের প্রায় ৩৮ একর জমিতে ৪৫ হাজার মেট্রিক টন উৎপাদন ক্ষমতাসম্পন্ন একটি নতুন কাগজকল স্থাপনের প্রস্তাবও দেওয়া হয়েছে। সেখানে ৩০ হাজার মেট্রিক টন সাদা প্রিন্টিং কাগজ এবং ১৫ হাজার মেট্রিক টন অফসেট, লেজার ও মেনিফোল্ড কাগজ তৈরি করা যাবে। সম্পূর্ণ নতুন আঙ্গিকে নতুন যন্ত্রপাতি দিয়ে মিলটি চালু করতে ৩৬ মাস সময় লাগবে। মিলের ভেতরের বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন দিয়েই এটি চালানো হবে।
মিলের ব্যবস্থাপনা পরিচালক মো. মামুনুর রসুল বলেন, বিসিআইসির একটি প্রতিনিধিদল কয়েকবার মিল এলাকা পরিদর্শন করে নতুন মিলের জন্য ৮৫৫ কোটি টাকার একটি প্রস্তাবনা দিয়েছে। প্রস্তাবনাটি বিসিআইসি থেকে শিল্প মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।
এদিকে অবহেলা ও অযত্নে মিলটির কোটি কোটি টাকার যন্ত্রপাতি ও অন্যান্য জিনিস নষ্ট হচ্ছে। বন্ধ মিল রক্ষণাবেক্ষণ ও বিদ্যুৎ বিলসহ বিভিন্ন খাতে প্রতি মাসে সরকারের ব্যয় হচ্ছে প্রায় ১২ লাখ টাকা। মিলটিতে এখন চারজন স্থায়ী কর্মকর্তার পাশাপাশি অস্থায়ী ভিত্তিতে কাজ করছেন ৬৩ জন।
সম্প্রতি সরেজমিনে দেখা যায়, মিলটির যন্ত্রপাতিতে মরিচা ধরেছে। বিভিন্ন যন্ত্র ও গাড়ি ঢাকা পড়েছে আগাছায়। অনেক যন্ত্রের গায়ে গুল্ম জন্ম নিয়েছে। মিলের কাজে ব্যবহৃত বেশ কয়েকটি নৌযান নদের পাড়ে অযত্নে নষ্ট হচ্ছে। মিলের ভেতরে রাখা হয়েছে বিসিআইসির সার।
১৯৫৯ সালে খুলনা শিল্পনগরের খালিশপুরে ভৈরব নদের তীরে প্রায় ৮৮ একর জমির ওপর খুলনা নিউজপ্রিন্ট মিল স্থাপন করা হয়। বার্ষিক ৪৮ হাজার মেট্রিক টন উৎপাদন ক্ষমতার এই মিলটির বাণিজ্যিক উৎপাদন শুরু হয় ১৯৬০ সালে। চালুর পর মিলটি দীর্ঘদিন লাভজনক ছিল। কিন্তু আশির দশক থেকে মিলটি লোকসানের কবলে পড়তে থাকে। শেষ পর্যন্ত অব্যাহত লোকসানের অজুহাত দেখিয়ে ২০০২ সালের ৩০ নভেম্বর বিএনপির নেতৃত্বাধীন তত্কালীন জোট সরকার মিলটি বন্ধ ঘোষণা করে। বন্ধের সময় স্থায়ী-অস্থায়ী মিলিয়ে প্রায় তিন হাজার লোক এখানে কাজ করতেন।
মিল সূত্রে জানা যায়, ১৯৯৫-৯৬ অর্থবছরে অধিক উজ্জ্বলতাসম্পন্ন কাগজ আমদানিতে শুল্ক প্রত্যাহার করায় এই মিলের নিউজপ্রিন্টের চাহিদা কমে যায়, পাশাপাশি উৎপাদন খরচ বাড়লেও সরকার সে অনুযায়ী কাগজের দাম না বাড়ানোয় এবং সুন্দরবন বন বিভাগ প্রধান কাঁচামাল গেওয়া কাঠের সরবরাহ কমিয়ে ফেলায় ও ফার্নেস অয়েলের দাম প্রায় দ্বিগুণ বেড়ে যাওয়ায় বিরাট লোকসানে পড়ে মিলটি।