নতুন কাপড় ও ইফতারি পেয়ে বৃদ্ধারা খুশি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশাল নগরের আমতলা মোড়ে অবস্থিত শান্তিনিবাসের ১৫ জন বৃদ্ধ নারীকে গত শুক্রবার প্রথম আলো বন্ধুসভার পক্ষ থেকে ঈদের কাপড় দেওয়া হয়েছে। সন্ধ্যায় তাঁদের ইফতার করান বন্ধুসভার সদস্যরা। এ সময় শান্তিনিবাস লাগোয়া নিরাপদ হেফাজতে (সেফ হোম) থাকা ৪৭ জন নারী-শিশুও তাঁদের সঙ্গে ইফতারে যোগ দেয়।আয়োজন দেখে মুগ্ধ হন গণিতের শিক্ষক এম এ মামুন ও স্বপন কুমার মণ্ডল। তাঁরা বলেন, রমজানে অনেক ইফতারে যোগ দেন। কিন্তু এমন একটা ব্যতিক্রমী ইফতারে যোগ দিলেন, যা তাঁদের অন্তরকে আন্দোলিত করেছে। পরিবারের বাইরেও যে এমন পরিবেশ আছে, তা জানা ছিল না।নতুন কাপড় পেয়ে শান্তিনিবাসের ৭৫ বছরের বৃদ্ধা হায়াতুন্নেছা বলেন, ‘পেরতেক বচ্ছর এই দিনডার লইগ্যা চাইয়া থাহি। মোর পোলারা না আইলেও পেত্থম আলোর পোলারা তো আয়। এরাই আমার সন্তান, হ্যারা আইছে, হেইতেই খুশি।’সমাজসেবা অধিদপ্তর, বরিশালের উপপরিচালক মাহবুবুল ইসলাম বলেন, বন্ধুসভা প্রতিবছর বৃদ্ধাদের সঙ্গে নিয়ে আনন্দ আয়োজন, ইফতার করা ছাড়াও নতুন কাপড় দিয়ে থাকে। এ বছর সেফ হোমে থাকা নারী-শিশুদের নিয়ে যে আয়োজন করেছে, এটা ব্যতিক্রম। এখানে বন্ধুসভার বাইরে আর কেউ আসে না। এ সময় অন্যদের মধ্যে উপস্থিতি ছিলেন সেফ হোমের উপতত্ত্বাবধায়ক শাহাজাদী আক্তার, সমাজসেবা কর্মকর্তা সাজ্জাত পারভেজ ও শ্যামল সেনগুপ্ত। ইফতার শেষে বৃদ্ধাদের হাতে নতুন কাপড় তুলে দেন অতিথিরা। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বন্ধুসভার শোভন কর্মকার, সুদীপ কুমার নাথ, রূবানা রহমান, তন্ময় কুমার নাথ, সাকুর খান প্রমুখ।