নতুন কী ঘোষণা দেবেন প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফাইল ছবি
প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফাইল ছবি

পাঁচ বছর পর খুলনায় কোনো জনসভায় ভাষণ দিতে আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইতিমধ্যে নানাজন নানা দাবি নিয়ে মাঠে নেমেছেন। প্রধানমন্ত্রীর এই সফরে খুলনা তথা দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলবাসী নতুন কিছু পাবে কি না, সেই হিসাব-নিকাশ চলছে।

সচেতন নাগরিক কমিটি (সনাক) খুলনার সভাপতি আনোয়ারুল কাদির প্রথম আলোকে বলেন, খুলনার মানুষ অনেকগুলো বড় বড় দাবি নিয়ে আন্দোলন করছেন। খুলনাবাসীর আশা থাকবে প্রধানমন্ত্রী সেগুলোর বিষয়ে কিছু করে যাবেন। তবে তিনি যেসব প্রকল্প বা ভিত্তিপ্রস্তর উদ্বোধন করবেন, সেগুলো যেন দুর্নীতিমুক্তভাবে এবং সঠিক সময়ে শেষ হয়, সেটাও খুলনাবাসীর চাওয়া।

সর্বশেষ ২০১৩ সালের ২৪ জানুয়ারি খুলনায় জনসভা করেছিলেন শেখ হাসিনা। এর মধ্যে অবশ্য ২০১৫ সালে একবার খুলনায় এসেছিলেন প্রধানমন্ত্রী। ওই বছরের ৬ সেপ্টেম্বর তিনি খুলনা শিপইয়ার্ডে একটি যুদ্ধজাহাজের নির্মাণকাজ উদ্বোধন করেন।

এবার প্রধানমন্ত্রী খুলনায় আসছেন ৩ মার্চ। খুলনা আওয়ামী লীগ আয়োজিত জনসভার প্রধান অতিথি তিনি। খুলনা সার্কিট হাউস মাঠে এই জনসভা হবে। শেখ হাসিনা খুলনায় কাজ শেষ হয়েছে, এমন ৪৭টি প্রকল্প উদ্বোধন করবেন। এর মধ্যে আছে খুলনা সড়ক ও জনপথ বিভাগের ২টি, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের ৬টি, খুলনা গণপূর্ত বিভাগ-১-এর ১০টি, গণপূর্ত বিভাগ-২-এর ৬টি, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) ১৩টি, খুলনা বিশ্ববিদ্যালয়ের ৫টি এবং খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রেলওয়ে খুলনা, খুলনা জেলা ক্রীড়া সংস্থা, খুলনা জেলা পরিষদ ও খুলনা ওয়াসার একটি করে প্রকল্প।

আর কাজ চলমান আছে বা কাজ শুরু হবে, এমন ৫১টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। মূলত প্রধানমন্ত্রী যেসব প্রকল্প উদ্বোধন করবেন বা ভিত্তিপ্রস্তর উদ্বোধন করবেন, তার বেশির ভাগেরই কাজ চলমান। এ অঞ্চলের উন্নয়নে নতুন কোনো প্রকল্পের ঘোষণা দেবেন কি না, সেদিকেই নজর থাকছে সবার।

সুশীল সমাজের প্রতিনিধিরাও একই কথা জানিয়েছেন। তাঁরা বলছেন, প্রধানমন্ত্রী দীর্ঘদিন পর খুলনায় জনসভায় অংশ নিচ্ছেন। সামনেই জাতীয় সংসদ নির্বাচন। এ সময় শেখ হাসিনা খুলনাবাসীর জন্য নতুন কিছু দিয়ে গেলেন কি না, সেটাই দেখার বিষয়।

বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির মহাসচিব শেখ আশরাফ-উজ-জামান বলেন, প্রধানমন্ত্রী যেসব প্রকল্প উদ্বোধন করবেন তার সবই উন্নয়নের চলমান প্রক্রিয়া। জনগণের সেবা হবে আবার অর্থনীতির গতি বাড়াবে, মানুষের কর্মসংস্থান বাড়বে, সর্বোপরি খুলনার উন্নয়নে দীর্ঘমেয়াদি ভূমিকা রাখবে, এমন কিছু প্রকল্পের ঘোষণা প্রধানমন্ত্রীর দেওয়া উচিত। কিন্তু প্রধানমন্ত্রী উদ্বোধনের তালিকায় এমন কোনো প্রকল্পই নেই। এটা খুলনাবাসীর জন্য হতাশার কথা।