নতুন কোনো করারোপ ছাড়াই বাজেট ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নতুন কোনো করারোপ না করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২০১৬-১৭ অর্থবছরের জন্য ৬০১ কোটি ২০ লাখ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে নগর ভবন প্রাঙ্গণে মেয়র সেলিনা হায়াৎ আইভী এ বাজেট ঘোষণা করেন।
এ সময় উপস্থিত ছিলেন প্যানেল মেয়র ওবায়েদ উল্লাহ, ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা মাহমুদুর রহমান এবং সুশীল ও নাগরিক সমাজের নেতৃবৃন্দ।
বাজেট ঘোষণার সময় সিটি মেয়র জানান, ২২ কোটি টাকার উদ্বৃত্ত বাজেটে ৫৭৮ কোটি টাকা ব্যয় ধরা হয়েছে। এর মধ্যে উন্নয়ন খাতে ব্যয় ধরা হয়েছে ৫২৬ কোটি টাকা। মূল বাজেটে বৈদেশিক সাহায্যপ্রাপ্তি দেখানো হয়েছে ৩০৯ কোটি টাকা। মেয়র আরও জানান, এবারের বাজেটে রাস্তা, ড্রেন, কালভার্ট নির্মাণসহ খেলাধুলার মান উন্নয়ন, স্ট্রিট লাইট স্থাপন, জলাবদ্ধতা দূরীকরণ, বর্জ্য স্থাপনা আধুনিকায়ন ইত্যাদি বিষয়ে বিশেষ বরাদ্দ রাখা হয়েছে। এ ছাড়া নগরীর সৌন্দর্য বর্ধন ও মানুষের অবকাশ যাপনের জন্য শীতলক্ষ্যা-বুড়িগঙ্গা নদীতে সংযোগ খাল খননের জন্য দরপত্র আহ্বান করা হয়েছে এবং বাবুরাইল খালে ১৭ কেটি টাকা ব্যয়ে হাতির ঝিলের আদলে পার্ক নির্মাণের কাজ চলমান রয়েছে।
বাজেট ঘোষণার পর মেয়র আইভী নাগরিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। আগামী সিটি করপোরেশন নির্বাচনে অংশগ্রহণ করবেন কি না, এ প্রশ্নের জবাবে আইভী বলেন, ‘আগামী নির্বাচনে আমি অংশগ্রহণ করব ইনশা আল্লাহ। আমি নির্বাচনের আগের দিন পর্যন্ত কাজ করে যেতে চাই। জনসেবা করে যেতে চাই। এতে কেউ বিরাগভাজন হলে আমার কিছুই করার নেই। জনগণ চাইলে সেবা করব, না চাইলে সরে যাব। আমি আপনাদের সঙ্গে থাকতে চাই। আর নৌকার মালিক হলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি ঠিক করবেন কে নৌকা পাবেন। আমি নৌকার জন্য আমার নেত্রী শেখ হাসিনার কাছে মনোনয়ন চাইব।’