নতুন কোনো তথ্য মেলেনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বান্দরবানে নাইক্ষ্যংছড়িতে বৌদ্ধ ভিক্ষু হত্যার ঘটনায় গ্রেপ্তার তিনজনকে জিজ্ঞাসাবাদে নতুন কোনো তথ্য মেলেনি। পুলিশ কর্মকর্তারা এ কথা জানিয়েছেন।
নিহত বৌদ্ধ ভিক্ষুর ছেলে ও মামলার বাদী অংসাথোয়াই চাক বলেন, প্রতিদিন পুলিশ এসে তাঁর কাছ থেকে এটা-সেটা জানতে চেয়ে আবার ফিরে যান। এই রুটিন কাজ ছাড়া তদন্তে কোনো অগ্রগতি দেখা যাচ্ছে না।
লামা সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) আল-মাহমুদ হাসান বলেন, হত্যাকারীরা এত নিখুঁতভাবে হত্যাকাণ্ড ঘটিয়েছে যে হত্যার পর ধারালো অস্ত্র, রক্তমাখা পোশাক বা অন্য কোনো আলামত রেখে যায়নি। এ ছাড়া ভাষাগত বাধাও তদন্তে বড় ধরনের সমস্যা হয়ে দাঁড়িয়েছে। চাক সম্প্রদায়ের অনেকে বাংলা ভাষা বোঝেন না বলে নিজেদের সংকুচিত করে রাখেন। তদন্ত দলের সঙ্গে কথা বলতে চান না। এ জন্য মামলার তদন্তে অগ্রগতি হচ্ছে না।
গত শনিবার ভোররাতে নাইক্ষ্যংছড়ির বাইশারি ইউনিয়নের ওপর চাকপাড়ায় বৃদ্ধ বৌদ্ধ ভিক্ষু ধাম্মা ওয়াসাকে কুপিয়ে হত্যা করা হয়। পুলিশ এই হত্যাকাণ্ডের ঘটনায় আবদুর রহিম, জিয়াউর রহমান ও সামং চাক নামের তিন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে।
নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের বলেন, গ্রেপ্তার তিনজনকে পাঁচ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কিন্তু তাদের কাছ থেকে নতুন কোনো তথ্য পাওয়া যায়নি।
জেলা পরিষদের সদস্য কেওচিং চাক বলেন, ওপর চাকপাড়া থেকে গ্রেপ্তার সামং চাক রাবার বাগানের হতদরিদ্র একজন শ্রমিক। পাড়াবাসী সবাই জানে তাঁর মস্তিস্কে কিছু সমস্যা আছে।
এসএসপি আল-মাহমুদ হাসান বলেন, গ্রেপ্তার তিনজন জিজ্ঞাসাবাদে দাবি করেছেন, তাঁরা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত নন।