নতুন ক্রেতা পাওয়া কঠিন হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুটি বড় জঙ্গি হামলার ঘটনা বিপাকে ফেলল দেশের রপ্তানি আয়ের দ্বিতীয় প্রধান খাত চামড়া, চামড়াজাত পণ্য ও পাদুকাশিল্পের উদ্যোক্তাদের। এ খাতের ব্যবসায়ীরা বলছেন, ওই ঘটনার পর ক্রেতারা বাংলাদেশে আসতে চাইছেন না।
১ জুলাই গুলশান হামলার পর তাৎক্ষণিক নেতিবাচক প্রভাব হলো, দেশের চামড়া ও পাদুকা খাতে কর্মরত বেশ কিছু বিদেশি নাগরিক নিজ দেশে ফিরে গেছেন। নতুন করে অনেকে আসতে চাইছেন না।
রপ্তানিকারকেরা বলছেন, মধ্য মেয়াদে বড় সমস্যা হবে নতুন ক্রেতাপ্রতিষ্ঠানকে বাংলাদেশমুখী করা। সাভারে চামড়া শিল্পনগরে উৎপাদন শুরু হলে চামড়াশিল্প পরিবেশদূষণের দুর্নাম অনেকটা কাটিয়ে উঠবে। এখন নতুন ক্রেতা ধরার সময়। কিন্তু জঙ্গিবাদের উত্থান ক্রেতাদের বাংলাদেশে আসার ক্ষেত্রে তাঁদের অনীহ করে তুলতে পারে।
বাংলাদেশের চামড়া ও চামড়াজাত পণ্যের বড় দুটি বাজার ইতালি ও জাপান। ওই দুই দেশের অনেক নাগরিক এ দেশে কারখানাগুলোতে পণ্যের মান তদারকের জন্য বছরজুড়ে ঢাকায় থাকেন। ইতালি থেকে অনেকে যন্ত্রপাতি বসাতেও বাংলাদেশে আসেন। এ ছাড়া ক্রয়াদেশ দিতে অহরহ বাংলাদেশে আসা হয় চামড়া ও চামড়াজাত পণ্যের ক্রেতাদেরও।
অ্যাপেক্স ফুটওয়্যারে জাপান থেকে গত মঙ্গলবার তেমনই একটি বড় ক্রেতা দলের আসার কথা ছিল। কিন্তু বাংলাদেশে নিরাপত্তার অভাবকে কারণ হিসেবে দেখিয়ে দলটি আসেনি। তারা না আসায় অ্যাপেক্সের কর্মকর্তারা তৃতীয় একটি দেশে গিয়ে তাদের সঙ্গে বৈঠক করেছেন।
এ ঘটনাটি জানিয়ে অ্যাপেক্স ফুটওয়্যারের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ নাসিম মঞ্জুর প্রথম আলোকে বলেন, ‘ক্রেতারা এ দেশে না এলে আমরা উৎপাদনক্ষমতা, কারখানার পরিবেশ ও মান তাদের দেখাতে পারব না। এতে ব্যবসা সম্প্রসারণের সুযোগ ব্যাহত হবে।’
দেশের অন্যতম প্রভাবশালী ব্যবসায়ী সংগঠন মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এমসিসিআই) সভাপতি সৈয়দ নাসিম মঞ্জুর আরও বলেন, তাঁদের কারখানায় ইতালির এক নাগরিক কারিগরি কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। গুলশানে হামলার ঘটনায় তিনি দেশে ফিরে গেছেন। ওই কর্মকর্তা এখন ফিরতে চাইলেও তাঁর পরিবার আতঙ্কে তাঁকে আসতে দিচ্ছে না।
রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) হিসাবে বাংলাদেশ চামড়া, চামড়াজাত পণ্য, চামড়ার পাদুকা ও অন্যান্য পাদুকা রপ্তানি করে ২০১৫-১৬ অর্থবছরে ১৩৮ কোটি ডলার আয় করেছে, যা আগের বছরের চেয়ে প্রায় সাড়ে ৪ শতাংশ বেশি। এ খাতের মোট রপ্তানি আয়ের ৪৯ কোটি ডলার এসেছে চামড়ার তৈরি পাদুকা ও ২২ কোটি ডলার এসেছে অন্যান্য পাদুকা রপ্তানি করে।
ব্যবসায়ীরা জানান, বাংলাদেশের জন্য এসব পণ্যের বড় বাজার মূলত ইউরোপের জার্মানি, ইতালি, স্পেন, ফ্রান্স এবং ইউরোপের বাইরে চীন, জাপান ও সংযুক্ত আরব আমিরাত। ইতালি থেকে এ খাতের অনেক যন্ত্রপাতি আসে। জাপানকে চামড়াজাত পণ্য ও পাদুকার সম্ভাবনাময় বাজার হিসেবে গণ্য করেন রপ্তানিকারকেরা।
২০১৫-১৬ অর্থবছরে ইতালিতে প্রায় ৭ কোটি ৯৪ হাজার ডলারের পণ্য রপ্তানি করেন চামড়া খাতের ব্যবসায়ীরা, যা আগের বছরের চেয়ে ৩২ শতাংশ কম। অন্যদিকে জাপানে রপ্তানি হয়েছে প্রায় ১৪ কোটি ১৪ লাখ ডলারের পণ্য, যা আগের বছরের চেয়ে প্রায় ৪ শতাংশ বেশি। গুলশানের ঘটনায় নয়জন ইতালীয় ও সাতজন জাপানি নাগরিক নিহত হন।
সৈয়দ নাসিম মঞ্জুর বলেন, ‘আমরা বাজার সম্প্রসারণ করতে পারিনি। যে বাজার আছে, তার মধ্যে ইতালি ও জাপান অন্যতম। সেটাও একটা ধাক্কা খেল।’
ফুট বেড ফুটওয়্যার নামের একটি কোম্পানির দুটি ইউনিটের একটিতে শুধু জাপানে রপ্তানির জন্য পাদুকা উৎপাদিত হয়। সব সময় ওই কারখানার পণ্যের মান তদারক ও অন্যান্য কাজের জন্য চার-পাঁচজন জাপানি নাগরিক বাংলাদেশে থাকেন। গুলশানে জঙ্গি হামলার ঘটনার দিন ওই কারখানায় চারজন জাপানি ছিলেন। হামলার ভয়াবহতা দেখে তাঁরা পরের দিনই বাংলাদেশ ছাড়েন।
ফুট বেড ফুটওয়্যারের ব্যবস্থাপনা পরিচালক হেদায়েতুল্লাহ প্রথম আলোকে জানান, কর্তৃপক্ষ নানাভাবে বোঝানো ও নিরাপত্তার নিশ্চয়তা দেওয়ার পর গত কয়েক দিনে তাঁরা আবার ফিরেছেন। তিনি বলেন, জাপান-ইতালিসহ বিভিন্ন দেশের যেসব ক্রেতা বাংলাদেশের সঙ্গে ব্যবসা করছেন, তাঁরা হয়তো বাংলাদেশ ছেড়ে যাবেন না। তবে নতুন ক্রেতা আসার ক্ষেত্রে প্রভাব পড়বে। পুরোনো ক্রেতাদের একটা পর্যায় পর্যন্ত আস্থা থাকে। নতুন ক্রেতারা আসার ক্ষেত্রে ভাববেন, তাঁরা এমন একটা দেশে যাচ্ছেন, যে দেশে জঙ্গি হামলার ভয় আছে।
হেদায়েতুল্লাহ মনে করেন, জঙ্গিবাদ বাংলাদেশের রপ্তানি ও বিনিয়োগে নতুন সংকট যোগ করল। তিনি বলেন, বাংলাদেশের ক্ষেত্রে বিদেশিরা এত দিন রাজনৈতিক অস্থিরতা, যানজট, অবকাঠামোর অভাবকে সবচেয়ে বড় সমস্যা হিসেবে গণ্য করতেন। এই প্রথম বাংলাদেশকে জঙ্গিবাদের দেশ হিসেবে গণ্য করতে শুরু করেছেন।
ঢাকার হাজারীবাগের ট্যানারিগুলো সাভারে চামড়া শিল্পনগরে সরিয়ে নেওয়ার কাজ চলছে। সেখানে যন্ত্রপাতি বসাতে বিদেশিদের প্রয়োজন হয়। গুলশানের ঘটনায় এ ক্ষেত্রে প্রভাব আছে কি না, জানতে চাইলে বাংলাদেশ ফিনিশড লেদার, লেদার গুডস অ্যান্ড ফুটওয়্যার এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিএফএলএলএফইএ) চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ প্রথম আলোকে বলেন, গুলশানের ঘটনার পর বিভিন্ন দেশ ভ্রমণ-সতর্কতা জারি করেছে। সরকার থেকে এমন সতর্কতা জারি করলে বিদেশিরা আসবেন কী করে? বড় সমস্যা হলো, মান পরীক্ষা করতে যাঁরা আসতেন, তাঁরা আসতে চাইবেন না। তিনি বলেন, ‘আমরা তাঁদের বলছি, তোমরা আসো। প্রয়োজন হলে অস্ত্রধারী নিরাপত্তাকর্মীদের দিয়ে তোমাদের নিরাপত্তা দেওয়া হবে।’
বাজার ঠিক রাখতে এবার ইতালি যাবেন উল্লেখ করে মহিউদ্দিন আহমেদ বলেন, ‘অন্য সময় হলে আমি যেতাম না। এবার গিয়ে তাঁদের আশ্বস্ত করব যে বাংলাদেশে যেতে অসুবিধা নেই।’
বিদেশে রপ্তানির পাশাপাশি পাদুকা উৎপাদকেরা দেশীয় বাজারের প্রতিও নজর দিয়েছেন। দেশীয় বাজারে সবচেয়ে বেশি কেনাবেচা হয় পবিত্র ঈদুল ফিতরে। এবার গুলশানে হামলার পর পাঁচ দিন ঈদের কেনাকাটার সুযোগ ছিল। কিন্তু সে সময়ে বিক্রি অনেক কম হয়েছে বলে জানান অ্যাপেক্স ফুটওয়্যারের নাসিম মঞ্জুর। তিনি বলেন, ঈদের আগে বিক্রি ভয়াবহ রকমের কম হয়েছে, যা বিশ্বাস করার মতো নয়।
২০১৫-১৬ অর্থবছরে সংখ্যার দিক দিয়ে চামড়া ও চামড়াজাত পণ্যের রপ্তানি বেড়েছে প্রায় ৩৬ শতাংশ। কিন্তু রপ্তানি পণ্যের মোট মূল্যের দিক দিয়ে প্রবৃদ্ধি মাত্র ৪ শতাংশ। নাসিম মঞ্জুর মনে করেন, রপ্তানি বাড়ছে। তবে দাম কমছে। এতে মুনাফা কমে যাচ্ছে। তিনি বলেন, ব্যবসায়ী যখন মুনাফা কম দেখবেন, তখন বিনিয়োগ হবে না।