নতুন খাদ্যগুদাম নির্মাণে অর্থ বরাদ্দের দাবি
ধান, গমসহ কৃষিপণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করতে দেশে ২৫ লাখ মেট্রিক টন ধারণক্ষমতাসম্পন্ন নতুন খাদ্যগুদাম নির্মাণ প্রয়োজন। এ জন্য বাজেটে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ দিতে হবে। গতকাল মঙ্গলবার দিনাজপুরে বাংলাদেশ অর্থনীতি সমিতি আয়োজিত বাজেট প্রস্তাবে এ দাবি জানানো হয়।
দিনাজপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে ‘মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশ বিনির্মাণে বাংলাদেশ অর্থনীতি সমিতির বাজেট প্রস্তাবনা ২০১৬-২০১৭’ তুলে ধরেন সমিতির আজীবন সদস্য আবদুর রাজ্জাক।
আবদুর রাজ্জাক বলেন, জাতীয় অর্থনীতিতে বাজেটের একটা বড় প্রভাব আছে। দেশের মানুষের প্রকৃত ও কাঙ্ক্ষিত উন্নয়নের লক্ষ্যে যেন বাজেট পরিকল্পনা করা হয়, সে জন্য অর্থনীতি সমিতি সরকারের কাছে মতামত তুলে ধরেছে। তিনি অর্থনীতি সমিতির বাজেট প্রস্তাবের সারসংক্ষেপ উপস্থাপন করেন।
বক্তব্য দেন সমিতির কার্যনির্বাহী কমিটির সদস্য অধ্যক্ষ মো. হাবিবুল ইসলাম, জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের দিনাজপুর জেলা কমিটির সভাপতি মো. রবিউল আউয়াল প্রমুখ।