নতুন গবেষক তৈরির উদ্যোগ নিয়েছে মাকসুদুলের দল
প্রাণের জীবনরহস্য উন্মোচনের জন্য নতুন প্রজন্মের গবেষক তৈরি করতে বিশেষ উদ্যোগ নিতে যাচ্ছেন জিনবিজ্ঞানী মাকসুদুল আলম। দেশের অন্যান্য প্রতিষ্ঠানের বিজ্ঞানীরাও যাতে পাট ও ছত্রাকের জীবনরহস্য উন্মোচনের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে নতুন নতুন গবেষণা করতে পারেন, সেই উদ্যোগও নেওয়া হয়েছে। নতুন প্রজন্মের গবেষক তৈরি করতে পাট গবেষণা ইনস্টিটিউটের স্থাপন করা পাটবিষয়ক মৌলিক ও ফলিত গবেষণা প্রকল্পে যুক্তরাষ্ট্রের হাওয়াই বিশ্ববিদ্যালয়ের কারিগরি সহায়তা নেওয়া হবে। একই লক্ষ্যে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান বিভাগের সঙ্গে সমঝোতা চুক্তি হয়েছে।জানতে চাইলে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী প্রথম আলোকে বলেন, এই গবেষক দলের (ছত্রাকের জীবনরহস্য উন্মোচনকরী) অভিজ্ঞতাকে দেশের তরুণ গবেষক তৈরির কাজে লাগানোর পরিকল্পনা সরকারের রয়েছে। তবে এ ধরনের উদ্যোগের জন্য প্রচুর অর্থের প্রয়োজন। এ ক্ষেত্রে সাধ ও সাধ্যের মধ্যে সমন্বয় রেখে সরকার এ কাজ চালিয়ে যাবে।জানা গেছে, কৃষিবিষয়ক গবেষণায় যুক্ত অন্যান্য সরকারি প্রতিষ্ঠান থেকে গবেষকেরা যাতে পাট গবেষণা ইনস্টিটিউটের জেনোম গবেষণা কেন্দ্রে কাজ করতে পারেন, সে সুযোগ ইতিমধ্যে সৃষ্টি করা হয়েছে। এ জন্য একটি আলাদা গবেষণাগার তৈরি করা হয়েছে। গবেষণা কেন্দ্রটির পাশে একটি স্বতন্ত্র ভবন তৈরিরও পরিকল্পনা রয়েছে। সেখানে দেশের তরুণ বিজ্ঞানীদেরও কাজ করার সুযোগ দেওয়া হবে। এই প্রকল্পে কারিগরি সহায়তা দিতে বিশ্বের জেনোম গবেষণার অন্যতম বড় প্রতিষ্ঠান যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকোর লস অ্যাঞ্জেলেস ন্যাশনাল ল্যাবরেটরি এবং কানাডার ক্যালগেরি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে আলোচনা চলছে।২০১০ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত নেওয়া এই প্রকল্পটির মোট বাজেট ধরা হয়েছিল ৬৬ কোটি টাকা। গত দুই বছরে এর মাত্র অর্ধেক টাকা খরচ করেই ছত্রাকের জীবনরহস্য উন্মোচন করেছেন স্থানীয় বিজ্ঞানীরা। প্রকল্পের বাকি অর্থ দিয়ে নতুন গবেষক তৈরির অবকাঠামোসহ উন্নত প্রযুক্তি সংযুক্ত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। বিশ্বজুড়ে জৈবপ্রযুক্তি সেবাবিষয়ক যে বাজার তৈরি হয়েছে, তাতে বাংলাদেশের তরুণ জৈবপ্রযুক্তিবিদেরা যাতে অংশ নিতে পারেন, সে জন্য তাঁদের প্রস্তুত করতেই এই উদ্যোগ নেওয়া হবে বলে জানা গেছে।মাকসুদুল আলম প্রথম আলোকে বলেন, ‘আমাদের উদ্যোগকে শুধু প্রাণের জীবনরহস্য উন্মোচনের গবেষণায় সীমাবদ্ধ রাখলে হবে না। জৈব তথ্যপ্রযুক্তিসেবার যে বিশাল বাজার তৈরি হয়েছে, সেখানে যাতে আমাদের তরুণেরা অংশ নিতে পারে, আয় করে দেশে বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারে—সে লক্ষ্যেও আমরা কাজ করছি।’ তিনি জানান, ভারত জৈবপ্রযুক্তিসেবা বিক্রি করে বছরে প্রায় আড়াই বিলিয়ন ডলার আয় করে। বাংলাদেশের তরুণেরা এখাতে প্রশিক্ষণ পেলে বিপুল বৈদেশিক মুদ্রা অর্জন সম্ভব। ছত্রাকের জীবনরহস্য উন্মোচনে মাকসুদুল আলম ছাড়া আরও পাঁচজন গবেষণাপ্রধান ছিলেন; যাঁদের সবাই বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউটের বিজ্ঞানী। এঁদের মধ্যে পাট গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক কামাল উদ্দিন প্রকল্প পরিচালকের দায়িত্ব পালন করছেন, মনজুরুল আলম দেশে পুরো গবেষণার সমন্বয়ের দায়িত্বে ছিলেন, সামিউল হক মাঠপর্যায়ের গবেষণার কাজ তদারকি করেছেন, শহিদুল ইসলাম গবেষণাগার বা ল্যাবরেটরির দায়িত্বে ছিলেন এবং গবেষণাটির তথ্যপ্রযুক্তি খাতের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন বাংলাদেশ তার ও টেলিফোন বোর্ডের প্রকৌশলী শরিফুর রহমান। গবেষণাগারে ছত্রাকের জীবনরহস্য উন্মোচনের জন্য জৈব তথ্যপ্রযুক্তি-বিষয়ক এই গবেষণার পুরো কাজটি করেছেন পাট গবেষণা ইনস্টিটিউটের ২০ জন তরুণ বিজ্ঞানী। প্রকল্প সূত্রে জানা গেছে, গবেষণার পরবর্তী স্তরের কাজ চলছে। আট ভাগে ভাগ হয়ে বিজ্ঞানীরা এই কাজ করছেন। আরও তরুণ গবেষককে যাচাই-বাছাইয়ের মাধ্যমে এখানে যুক্ত করা হবে। এ জন্য দেশের কয়েকটি স্থানে গবেষণা কেন্দ্র স্থাপনের চিন্তাভাবনা করা হচ্ছে।