নতুন গ্যাস-সংযোগ দেওয়া শুরু

সরকারি নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রায় এক মাস পর গত রোববার থেকে নতুন গ্যাস-সংযোগ দেওয়া শুরু করেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি। বিদ্যমান বৈধ গ্রাহকদের চুলার সংখ্যা বাড়ানোর মাধ্যমে এই কার্যক্রম শুরু করা হয়েছে। একই সঙ্গে কর্ণফুলী গ্যাস বিতরণ কোম্পানি চট্টগ্রামে, বাখরাবাদ গ্যাস বিতরণ কোম্পানি নোয়াখালী-কুমিল্লা অঞ্চলে এবং পশ্চিমাঞ্চল গ্যাস বিতরণ কোম্পানি রাজশাহীতে সংযোগ দেওয়ার কাজ শুরু করেছে।
তিতাসের সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ঢাকাসহ দেশের মধ্যাঞ্চলে যাঁদের নামে চাহিদাপত্র ইস্যু করা আছে পর্যায়ক্রমে তাঁদের, নতুন গ্রাহক এবং সরকারি নিষেধাজ্ঞার সময় যাঁরা কোনো না কোনোভাবে সংযোগ পেয়েছেন (অবৈধ গ্রাহক), তাঁদেরও সংযোগ দেওয়া হবে।
যাঁদের নামে চাহিদাপত্র ইস্যু করা হয়েছিল, তাঁদের সংযোগ কবে নাগাদ শুরু করা হবে, জানতে চাইলে তিতাসের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক নওশাদ আহমেদ প্রথম আলোকে বলেন, তাঁদের সংযোগ দেওয়ার জন্য ঠিকাদার নিয়োগের কাজ চলছে। যে এলাকায় আগের ঠিকাদার চুক্তিবদ্ধ আছেন, সেখানে আগামী সপ্তাহের মধ্যেই এই শ্রেণীর গ্রাহকেরা সংযোগ পেতে শুরু করবেন।
অবৈধ গ্রাহকদের সংযোগ প্রদান শুরু করা প্রসঙ্গে নওশাদ আহমেদ বলেন, ২০ জুন পর্যন্ত তাঁদের আবেদন করার সময় নির্ধারিত আছে। ওই সময় পর্যন্ত আবেদন গ্রহণের পর সেগুলো যাচাই-বাছাই করে ওই শ্রেণীর গ্রাহকদের সংযোগ দেওয়া শুরু করা হবে।
পেট্রোবাংলার সূত্র জানায়, গত সোমবার পর্যন্ত তিতাসের আওতাধীন এলাকার ৪৪ হাজার চুলায় অবৈধ সংযোগ গ্রহণকারীরা তা বৈধ করার জন্য আবেদন করেছেন। পেট্রোবাংলার হিসাবে আরও প্রায় ১৩ হাজার অবৈধ সংযোগ রয়েছে। তাঁরা সবাই ব্যাংকে নিয়মিত বিল জমা দিয়েছেন। এ ছাড়া অবৈধ সংযোগ নিয়ে বিল দেননি এমন গ্রাহকও আছেন ৫০ হাজারের বেশি।
পেট্রোবাংলা ও তিতাসের সূত্রগুলো জানায়, অবৈধ সংযোগ গ্রহণকারীদের মধ্যে যাঁরা ২০ জুনের মধ্যে সংযোগ বৈধ করার জন্য আবেদন করবেন না, তাঁদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত ২০১০ সালের গ্যাস আইন অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা নেবেন।
নতুন সংযোগ দেওয়ার ক্ষেত্রে সরকারি আদেশে বিতরণ লাইন সম্প্রসারণ করা যাবে না বলা হলেও বিভিন্ন এলাকায় অবৈধভাবে তা করা হচ্ছে। গতকাল মঙ্গলবার মিরপুরে এমন একটি লাইন স্থাপনের খবর পেয়ে তিতাসের সংশ্লিষ্ট কর্মকর্তারা তা বন্ধ করে দিয়েছেন। নগরের আরও কয়েকটি স্থানে এ রকম লাইন স্থাপনের কাজ চলছে বলে তিতাসের কাছে খবর আছে।
এ ছাড়া নতুন সংযোগ দেওয়ার সময় বিতরণ নেটওয়ার্কের চিত্র দেখে নেওয়ার জন্য সংশ্লিষ্ট তত্ত্বাবধায়কদের উদ্দেশে একটি অফিস আদেশ জারি করেছেন তিতাসের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক। ফলে কোথাও লাইন সম্প্রসারণ করে সংযোগ দেওয়া হলে সংশ্লিষ্ট তত্ত্বাবধায়কদের শাস্তির আওতায় আনা হবে।