পুরোনো চুক্তি নবায়নে হাসিনা-সুসিলো সম্মত
নতুন গ্যাসক্ষেত্র পেলে বাংলাদেশ অগ্রাধিকার পাবে: মিয়ানমার
বাংলাদেশ ও ইন্দোনেশিয়া বিভিন্ন ক্ষেত্রে দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদার করতে অতীতের সব চুক্তি নবায়নে সম্মত হয়েছে। তথ্য ও প্রশিক্ষণ-বিনিময়ের মাধ্যমে উভয় দেশ একে অন্যকে খাদ্যনিরাপত্তা, বাণিজ্য, বিদ্যুৎ, যোগাযোগ ও সন্ত্রাসবাদ দমনে সহযোগিতা দেবে। গতকাল বুধবার সন্ধ্যায় ইন্দোনেশিয়ার বালিতে হোটেল লাগুনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট সুসিলো বামবাং ইয়োধোইয়োনোর মধ্যে বৈঠকে উভয় দেশ এ বিষয়ে মতৈক্যে পৌঁছে। খবর বাসসের।এর আগে গতকাল বিকেলে শেখ হাসিনা চতুর্থ বালি ডেমোক্রেসি ফোরামে যোগ দিতে দুই দিনের সফরে মিয়ানমার থেকে ইন্দোনেশিয়ার বালিতে পৌঁছেন। আজ বৃহস্পতিবার এই ফোরাম শুরু হবে।এশিয়ার দেশগুলো নিয়ে বালি ডেমোক্রেসি ফোরাম (বিডিএফ) গঠিত হয়। ইন্দোনেশিয়া সরকারের উদ্যোগে ২০০৮ সাল থেকে এই ফোরাম এশীয় দেশগুলোর মধ্যে গণতন্ত্র ও রাজনৈতিক উন্নয়নের স্বার্থে কাজ করে যাচ্ছে।এবারের বিডিএফ-চতুর্থ ফোরামের প্রতিপাদ্য হচ্ছে ‘পরিবর্তনশীল বিশ্বে গণতান্ত্রিক অংশীদারি জোরদার: গণতান্ত্রিক জাগরণের প্রতি সমর্থনদান’। বালি ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে (বিআইসিসি) অনুষ্ঠেয় ফোরামে ১৫টি দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানেরা অংশ নেবেন বলে আশা করা হচ্ছে। প্রধানমন্ত্রী ঢাকা-জাকার্তার মধ্যে সরাসরি বিমান যোগাযোগ স্থাপনের ওপর গুরুত্বারোপ করেন। এ সময় অন্যান্যের মধ্যে পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব শেখ এম ওয়াহিদ উজ্জামান, প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয়, সাংসদ বীর বাহাদুর ও নাজমুল হাসান, পররাষ্ট্রসচিব মিজারুল কায়েস এবং প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী আবদুস সোবহান উপস্থিত ছিলেন।এর আগে গত মঙ্গলবার মিয়ানমারের প্রেসিডেন্ট উ থিন সেইনের সঙ্গে প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠক হয়। বৈঠকে থিন সেইন বলেন, মিয়ানমার ইতিমধ্যে বিদ্যমান গ্যাসক্ষেত্র থেকে চীনের কাছে গ্যাস রপ্তানির বিষয়ে চুক্তিবদ্ধ হয়েছে। নতুন গ্যাসক্ষেত্র আবিষ্কার ও পর্যাপ্ত মজুদ সাপেক্ষে বন্ধুদেশ হিসেবে বাংলাদেশ গ্যাস রপ্তানির ক্ষেত্রে অবশ্যই অগ্রাধিকার পাবে। দুটি চুক্তি স্বাক্ষর: ব্যবসা-বাণিজ্য ও বিদ্যমান বন্ধুত্বের ক্ষেত্রে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের লক্ষ্যে বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে মঙ্গলবার দুটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বাংলাদেশের পক্ষে পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি এবং মিয়ানমারের পক্ষে পররাষ্ট্রমন্ত্রী ইউ ওয়ান্না মং লুইন ব্যবসা ও বাণিজ্যের ক্ষেত্রে দ্বিপক্ষীয় সহযোগিতার লক্ষ্যে যৌথ কমিশন গঠনে একটি চুক্তিতে স্বাক্ষর করেন।