নতুন গ্রেপ্তার তিন আসামি জেলহাজতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাগুরায় ছাত্রলীগের সংঘর্ষে মায়ের জঠরে শিশু গুলিবিদ্ধ ও একজন বৃদ্ধ নিহত হওয়ার ঘটনার মামলায় নতুন গ্রেপ্তার তিন আসামিকে জেলহাজতে পাঠানো হয়েছে। গত সোমবার তাঁদের জেলহাজতে পাঠানো হয়। তবে গত রোববার মামলার প্রধান আসামি জেলা ছাত্রলীগের সহসভাপতি সেন সুমনের সাত দিনের রিমান্ড মঞ্জুর হলেও গতকাল মঙ্গলবার দুপুর পর্যন্ত তাঁকে রিমান্ডে নেয়নি পুলিশ।
নতুন গ্রেপ্তার তিন আসামির মধ্যে মো. লিটনকে (২১) সোমবার সকালে শালিখা উপজেলার কাদিরপাড়া এবং আগের দিন (রোববার) রাতে সদর উপজেলার আলমখালী বাজার এলাকা থেকে মো. ফরিদ (৩৫) ও মো. মিল্টনকে (১৯) গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ।
মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমাউল হক গতকাল দুপুরে প্রথম আলোকে বলেন, নতুন গ্রেপ্তার তিনজনকে সোমবার বিকেলে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। তাঁদের রিমান্ড চাওয়া হয়নি। সেন সুমনকে এখনো রিমান্ডে আনা হয়নি।