নতুন ঘর বানানো হলো না বাবা-ছেলের
টাঙ্গাইলের মির্জাপুরে বাড়িতে নতুন ঘর দিতে রড কিনে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলে মারা গেছেন। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার গোড়াই-সখীপুর সড়কের সৈয়দপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন উপজেলার পাঁচগাও গ্রামের আবুল হোসেন (৫৫) ও তাঁর ছেলে সিঙ্গাপুরপ্রবাসী মো. শরীফ হোসেন (২৫)।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, শরীফ সম্প্রতি দেশে আসেন। তিনি আজ সকালে বাবার সঙ্গে বাড়িতে নতুন ঘর নির্মাণের জন্য রড কিনতে গোড়াই বাজারে যান। সেখান থেকে রডবোঝাই ট্রাকের চালকের পাশের আসনে বসে তাঁরা দুজন বাড়ি ফিরছিলেন। সড়কটির ওই স্থানে সামনে থাকা পল্লী বিদ্যুতের খুঁটিবোঝাই একটি ট্রাক হঠাৎ থেমে যায়। এ সময় রডবোঝাই ট্রাকের সামনের কাচে বিদ্যুতের খুঁটির ধাক্কা লাগলে কাচ ভেঙে যায়। এতে বাবা-ছেলে গুরুতর আহত হন। মুমূর্ষু অবস্থায় এলাকাবাসী তাঁদের উদ্ধার করে টাঙ্গাইলে কুমুদিনী হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁদের মৃত্যু হয়।
মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাইন উদ্দিন বলেন, বিদ্যুতের খুঁটিবোঝাই ট্রাকটি আটক করা গেলেও চালক পলাতক রয়েছেন। তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। বাবা-ছেলের লাশ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।