নতুন ঘরে পাঠদান শুরু

কুমিল্লার দাউদকান্দি উপজেলার ওলানপাড়া প্রকাশচন্দ্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা নতুন একটি ঘর পেয়েছে। গতকাল বুধবার সেখানে পাঠদান শুরু হয়েছে। বিদ্যালয়ের ভবনটি পরিত্যক্ত ঘোষণা করায় প্রায় দুই বছর তাঁরা কখনো খোলা আকাশ কখনো পরিত্যক্ত ভবনের বারান্দায় ক্লাস করেছে।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, ১৯৯৫ সালে বিদ্যালয়ের জন্য একটি পাকা ভবন নির্মাণ করা হয়েছিল। দীর্ঘদিন সংস্কার না করায় এটি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ে। ২০১৩ সালের জানুয়ারিতে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নিখিল চন্দ্র বিশ্বাস পরিদর্শনে এসে বিদ্যালয়টির আগের ভবনটিকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেন। এরপর থেকে শিক্ষার্থীদের পাঠদানে সমস্যায় পড়ে কর্তৃপক্ষ। এ নিয়ে গত ২৩ ফেব্রুয়ারি প্রথম আলোতে ‘বিদ্যালয় ভবন পরিত্যক্ত, খোলা আকাশের নিচে পাঠদান’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এরপর প্রশাসন ও স্থানীয় লোকজনের দেওয়া ৫ লাখ ৫৫ হাজার টাকায় বিদ্যালয়ের জন্য একটি টিনের ঘর নির্মাণ করা হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম বলেন, ওই প্রতিবেদনের একটি অনুলিপি যুক্ত করে তিনি দাউদকান্দির উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছে একটি ভবন নির্মাণের জন্য আবেদন করেন। এর পরিপ্রেক্ষিতে ইউএনও মুহাম্মদ আসাদুজ্জামান বিদ্যালয়ের জন্য ১ লাখ ১৫ হাজার টাকা, পাঁচ বান্ডিল সরকারি টিন এবং গৌরীপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হাজি আবুল হাশেম ৬০ হাজার টাকা বরাদ্দ দেন। এরপর স্থানীয় লোকজনের কাছ থেকে বাকি টাকা তুলে একটি চৌচালা টিনের ঘর নির্মাণ করা হয়। ২৩ অক্টোবর ইউএনও আসাদুজ্জামান নতুন নির্মাণ করা ঘরটি উদ্বোধন করেন। এতে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকেরা স্বস্তি প্রকাশ করেছেন।
ইউএনও মুহাম্মদ আসাদুজ্জামান বলেন, যেকোনো কাজে সরকারের পাশাপাশি স্থানীয় লোকজনের সহযোগিতা থাকলে কাজ করা সহজ হয়ে যায়।