নতুন চরে ঈদের আমেজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কারও ঘর খাড়া করা হয়েছে। কেউ-বা কোনো রকমে চালা তৈরি করে, এর মধ্যে আছেন। অনেকে আবার দূর থেকে ভেঙে আনছেন ঘর। গত মাসের শেষ সপ্তাহ থেকে পদ্মা নদীর ভাঙনের শিকার বাস্তুহারা ব্যক্তিদের এসব কর্মযজ্ঞ চলছে নতুন চরে। এরই মধ্যে কড়া নাড়ছে পবিত্র ঈদুল আজহা।
কিন্তু অনেকের ঘরে এক মুঠো চালও ছিল না। এ অভাব দূর করতে গতকাল বুধবার জেলা প্রশাসনের পক্ষ থেকে ৫০টি পরিবারে চাল বিতরণ করা হয়। নতুন এই চরের নয়টি পরিবার গরু-ছাগল পালন করে। এর মধ্য থেকে দুটি গরু, একটি ভেড়া ও তিনটি ছাগল কোরবানির ঘোষণা দেওয়া হয়েছে। এ ছাড়া গতকাল প্রশাসনের পক্ষ থেকে চরের খাসজমি বন্দোবস্তের ঘোষণা দেওয়া হয়। এতে চরের বাসিন্দাদের মধ্যে নেমে আসে খুশির জোয়ার। বিরাজ করে ঈদের আমেজ।
রাজশাহীর পবা উপজেলার চরখিদিরপুরে পদ্মার ভাঙন তীব্রতর হয়েছে। গত মাসের শেষ সপ্তাহে মাত্র দুই দিনে ১০৬টি পরিবার বাস্তুহারা হয়ে পড়ে। স্থানীয় প্রশাসনের উদ্যোগে তাদের পদ্মা নদী ও রাজশাহী শহরের মাঝখানে জেগে ওঠা নতুন চরে জায়গা বরাদ্দ দেওয়া হয়েছে। সেখানে এ সময়ের মধ্যে ২২০টি পরিবার আশ্রয় নিয়েছে। এর আগে ১৫০টি পরিবারের মধ্যে ত্রাণ সহায়তা দেওয়া হয়।
গতকাল জেলা প্রশাসনের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় ৫০টি পরিবারকে ২০ কেজি করে খয়রাতি সহায়তার (জিআর) চাল দেওয়া হয়েছে। পদ্মার চরে এই চাল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার হেলালুদ্দীন আহমদ, জেলা প্রশাসক মেজবাহ্ উদ্দিন চৌধুরী, পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সেলিম হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আমিনুল ইসলাম, পবার হরিয়ান ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মফিদুল ইসলাম প্রমুখ।
চাল পেয়েছেন বেদনা বেওয়া (৫৫)। তাঁর তিন ছেলেমেয়ে। ছেলে বিয়ে করে আলাদা হয়ে গেছেন। দুই মেয়ে নিয়ে আছেন বেদনা বেওয়া। তিনি বলেন, অনেক কষ্টে শুধু ঘরখানা খাড়া করেছেন। সে ঘরে কিছুই নেই। এই চাল দিয়ে ঈদ করবেন।
নতুন চরে ঘর করেছেন বেলু বেওয়া (৬০)। তাঁর তিনটি মেয়ে। সবার বিয়ে দিয়েছেন। এখন এই চরে একাই এসে উঠেছেন। এত দিন মেয়েরা সহযোগিতা দিতেন। কিন্তু এবার তাঁদেরও একই অবস্থা। কে কাকে সাহায্য করবে? বেলু বেওয়া বলেন, ‘শুধু ঘরডাই আছে। ঘরে কিচ্ছু আছিল না। এই চাল কয়ডাই ঈদের ভরসা।’
দিনমজুর টেকু মিঞার দুই ছেলে ও দুই মেয়ে। নতুন চরে এসে বিপদে পড়েছেন। তিনি বলেন, কোনো কাজ-কাম নেই। তাই সংসার চালাতে পারছেন না। বাড়িতে ঈদের কোনো আয়োজন ছিল না। তিনি আরও বলেন, ‘এই চাল কয়ডা পেয়ে বড় ভালো হলো।’
চরের আবুল কাশেমের গরুর পাল আছে। তিনি একটি গরু কোরবানি করবেন। বজলু, গাজী, হামিদ ও জালাল মিলে একটি গরু; আসাবুদ্দি, আহাদ ও হান্নান ছাগল এবং বাবু নিজের পোষা একটা ভেড়া কোরবানি করবেন। আবুল কাশেম বলেন, নতুন চরের সবাইকে নিয়ে ঈদের দিনে এই মাংস খাবেন। কারও কারও ঘরে চাল ছিল না। চাল পেয়ে এখন তাঁর মনে হচ্ছে সবারই ঈদ হবে।
অনুষ্ঠানে চাল ছাড়াও নতুন চরের জন্য একটি নলকূপ ও পাঁচটি স্বাস্থ্যসম্মত পায়খানার রিং-স্ল্যাব দেওয়া হয়। এ ছাড়া ইউপি চেয়ারম্যান মফিদুল ইসলাম প্রস্তাব দেন, বাস্তুহারা এই মানুষদের যেন এই চরের জমি বন্দোবস্ত দেওয়া হয়। তাঁর প্রস্তাবের প্রেক্ষাপটে বিভাগীয় কমিশনার এবং জেলা প্রশাসক বাস্তুহারা মানুষদের মধ্যে খাসজমি বন্দোবস্ত দেওয়ার ঘোষণা দেন। এই ঘোষণা শোনার সঙ্গে সঙ্গে চরে আশ্রয় নেওয়া মানুষগুলোর আনন্দ আর ধরে না। যেন গতকালই ছিল তাঁদের ঈদের দিন।