নতুন চার জাতের ধান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগরে গতকাল নিজের উদ্ভাবিত নতুন চারটি জাতের ধানের ছড়া দেখাচ্ছেন বিজ্ঞানী আবেদ চৌধুরী l ছবি: প্রথম আলো
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগরে গতকাল নিজের উদ্ভাবিত নতুন চারটি জাতের ধানের ছড়া দেখাচ্ছেন বিজ্ঞানী আবেদ চৌধুরী l ছবি: প্রথম আলো

বছরের যেকোনো সময়ে রোপণ করা যাবে। রোপণের দুই থেকে আড়াই মাসের মধ্যে মিলবে ধান। পরিমাণও বেশি। সারও লাগে কম। এমন চার জাতের ধান উদ্ভাবনের ঘোষণা দিলেন অস্ট্রেলিয়াপ্রবাসী ধান গবেষক ও বিশিষ্ট জিন বিজ্ঞানী আবেদ চৌধুরী।
গতকাল বুধবার বেলা ১১টার দিকে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগরে সাংবাদিকদের নিজের এ উদ্ভাবনের কথা জানান আবেদ চৌধুরী। ওই চার জাতের ধান হলো হাফিজা ১, জালালিয়া, তানহা ও ডুম।
যোগাযোগ করা হলে কমলগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ শামছুদ্দীন প্রথম আলোকে বলেন, ‘চার জাতের ধান দেখেছি। এটি দেশের জন্য সুখবর। এই উদ্ভাবনের রাষ্ট্রীয় স্বীকৃতি পাওয়া উচিত।’
আবেদ চৌধুরীর বাড়ি মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের কানিহাটি গ্রামে। দীর্ঘদিন ধরে তিনি অস্ট্রেলিয়াপ্রবাসী। তবে সম্প্রতি দেশে এসে উদ্ভাবিত চার জাতের ধানের পরীক্ষামূলক কাজ শুরু করেন। বীজতলা তৈরি করে চারা তোলেন। চলতি বছরের জুন মাসে গ্রামের চার বিঘা জমিতে ওই চারা রোপণ করেন তিনি। এরপর অস্ট্রেলিয়ায় চলে যান। ফলাফল দেখতে গত সপ্তাহে এলেন দেশে। মানুষ দিয়ে কাটালেন ধান। দিনক্ষণ, ধানের পরিমাণ—সবকিছু হিসাব করলেন। আর গতকাল সাংবাদিকদের ডেকে জানালেন, তিনি সফল।
আবেদ চৌধুরী বলেন, এ চার জাতের ধানের উদ্ভাবন নিয়ে প্রায় পাঁচ বছর গবেষণা করেছেন তিনি। দেশীয় ধান থেকে ব্রিডিং করে এ ধান উদ্ভাবন করেছেন। এই ধানগুলোর বৈশিষ্ট্য হচ্ছে, বীজতলা থেকে শুরু করে মাত্র ১০৮ দিনের মধ্যে ফসল সংগ্রহ করা যাবে। যেকোনো সময় এই ধানগুলোর চারা রোপণ করা যায়। তবে আমন মৌসুমে রোপণ করলে সেচ বেশি লাগে না। আমন মৌসুমে রোপণ করলে অন্যান্য জাতের ধানের তুলনায় এক মাস আগেই ফসল কাটা যাবে।
আবেদ চৌধুরী বলেন, চার জাতের ধান সম্পর্কে ইতিমধ্যে তিনি কৃষি মন্ত্রণালয়ের কর্মকর্তাদের জানিয়েছেন। তিনি আরও বলেন, গত জুন মাসের তৃতীয় সপ্তাহে তিনি এ চার জাতের ধানের বীজতলা তৈরি করেছেন। প্রায় এক মাসের মধ্যে চারা উত্তোলন করে রোপণ করেছেন। এরপর প্রতিটি জাতের ধানের ক্ষেত্রে প্রতি এক কিয়ার (৩০ শতক) জমিতে একবার মাত্র ১৫ কেজি ইউরিয়া সার ব্যবহার করেছেন। দিয়েছেন অল্প কীটনাশকও। দুই থেকে আড়াই মাসের মধ্যে ধান কাটা শুরু হয়। ধান কাটার পর দেখা গেছে, প্রতি এক কিয়ারে হাফিজা-১ ধান ১২ মণ, জালালিয়া ধান ১৪ মণ, তানহা ধান ১০ মণ এবং ডুম ধান ১১ মণ উৎপাদন হয়েছে। পাখির আক্রমণ বেশি হওয়ায় অন্য দুই জাতের ধানের তুলনায় তানহা ও ডুম জাতের ধানের উৎপাদন কিছুটা কম বলে জানান আবেদ চৌধুরী।
চারা রোপণের পর আবেদ চৌধুরী অস্ট্রেলিয়ায় চলে গেলেও সবকিছু দেখার জন্য তিনি মজিবর রহমান নামের একজনকে দায়িত্ব দিয়ে যান। গতকাল সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে মজিবরও বিভিন্ন তথ্য দেন। চার জাতের ধানের চাষাবাদের সঙ্গে যুক্ত ছিলেন গ্রামের কৃষক আব্বাছ মিয়া, মন্নান মিয়া ও মঈনউদ্দীন। তাঁরা বলেন, সাধারণত আমন মৌসুমে ধান রোপণ করলে অগ্রহায়ণে ফসল ঘরে তোলা যায়। কিন্তু এ মৌসুমে চার জাতের ধান চাষাবাদ করে আশ্বিনেই ফসল ঘরে তোলা গেছে। এ জাতের ধান রোপণ করার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছেন অনেক কৃষক।
উদ্ভাবনের বড় আনন্দদায়ক দিকটির কথা তুলে ধরে আবেদ চৌধুরী বললেন, বাংলাদেশে অগ্রহায়ণে নতুন ফসল ঘরে তুলে নবান্ন করা হয়। কিন্তু উদ্ভাবিত চার জাতের ধান আশ্বিনেই ঘরে তুলে দেবে ফসল, এক মাস আগে ঘরে ঘরে এনে দেবে নবান্ন।