নতুন চারা রোপণ না করে বাঁধের গাছ বিক্রি
যশোরের অভয়নগর উপজেলার টেকা ব্রিজ থেকে ভবদহ স্লুইসগেট পর্যন্ত চোমরডাঙ্গা বাঁধের সড়কে নতুন চারা রোপণ না করেই বন বিভাগ প্রায় ৪০০ গাছ বিক্রি করে দিয়েছে। সড়কের বাকি ১ হাজার ৫৫০টি গাছ বিক্রির জন্যও দরপত্র আহ্বান করা হয়েছে।
জেলা বন কর্মকর্তা শহিদুল হক বলেন, প্রকল্পের মেয়াদ পূর্ণ হওয়ায় গাছগুলো বিক্রি করতে হচ্ছে। সেখানে আবার চারা রোপণ করা হবে।
ওই বাঁধের মালিক পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী প্রবীর কুমার গোস্বামী বলেন, এখন বর্ষাকাল না হওয়ায় বাঁধে গাছ লাগানো যাচ্ছে না। সময়মতো চারা রোপণ করা না হলে বাঁধের সমস্যা হবে।
উপজেলা বন বিভাগ সূত্র জানায়, ২০১৪ সালের ৭ ডিসেম্বর উপজেলা পরিবেশ ও বন উন্নয়ন কমিটির সভায় টেকা ও শ্রী নদীর পাশ দিয়ে যাওয়া ওই সড়কে বন বিভাগের রোপণ করা শিরীষ, রেইনট্রি, শিলকড়ই, বাবলা, পিটালি, গুল, মেহগনি, আকাশমণি, অর্জুনসহ নানা প্রজাতির ১ হাজার ৯১৩টি গাছ বিক্রি করার অনুমোদন দেওয়া হয়। গত বছর ৫ মে প্রথম কিস্তিতে ১৯০টি এবং ১০ জুন দ্বিতীয় কিস্তিতে ১৭৩টি গাছ বিক্রির জন্য দরপত্র আহ্বান করা হয়। একই বছরের ৪ জুন ঠিকাদারি প্রতিষ্ঠান বিএম এন্টারপ্রাইজ কার্যাদেশ পেয়ে সেপ্টেম্বরে ১৯০টি গাছ কেটে নেয়। একই প্রতিষ্ঠান গত ২০ ডিসেম্বর কার্যাদেশ পেয়ে গত ফেব্রুয়ারির শেষের দিকে গাছ
কাটা শুরু করে। ইতিমধ্যে অর্ধেক গাছ কাটা শেষ হয়েছে।
উপজেলা বন কর্মকর্তা সমীরণ কুমার বিশ্বাস বলেন, সামাজিক বনায়নের মাধ্যমে দারিদ্র্য বিমোচন প্রকল্পের আওতায় ২০০১ ও ২০০২ সালে ওই সড়কের দুপাশে ১০ কিলোমিটার এলাকায় বিভিন্ন প্রজাতির ১০ হাজার গাছের চারা রোপণ করা হয়। চারাগুলো রক্ষণাবেক্ষণের জন্য এলাকার অতিদরিদ্রদের মধ্য থেকে ৫০ জন নারী ও দুজন পুরুষের সমন্বয়ে দুটি সমিতিকে দায়িত্ব দেওয়া হয়। প্রকল্পের নিয়ম অনুযায়ী চারার বয়স ১০ বছর হলে তা বিক্রি করে এর ৫৫ শতাংশ অতিদরিদ্র ওই ৫২ জনের মধ্যে সমহারে ভাগ করে দেওয়া হবে। অবশিষ্ট টাকার মধ্যে ভূমির মালিক পাউবো পাবে ২০ শতাংশ, বন বিভাগ পাবে ১০ শতাংশ, ইউনিয়ন পরিষদ পাবে ৫ শতাংশ এবং বৃক্ষরোপণ তহবিলে ১০ শতাংশ টাকা রেখে দেওয়া হবে। আগামী মৌসুমে সড়কটিতে বনায়ন করা হবে।
উপজেলা পরিবেশ ও বন উন্নয়ন কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিফাত মেহনাজ বলেন, ‘গাছগুলো রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা দুটি সমিতির আবেদনের পরিপ্রেক্ষিতে গাছ বিক্রির অনুমোদন দিয়েছি।’
৫ মার্চ সরেজমিনে দেখা যায়, সড়কটির উত্তর অংশের আধা কিলোমিটারের মধ্যে ১৯০টি গাছ কয়েক মাস আগে কাটা হয়েছে। দক্ষিণ পাশের ১৭৩টি গাছ কাটার কাজ চলছে। ফলে সড়কটির উত্তর ও দক্ষিণ অংশ ফাঁকা হয়ে গেছে।
কালিশাকুল গ্রামের অজয় রায় (৩২) বলেন, ‘রাস্তার পাশদে নদী। তার দুধারের গাছ এলাকাটিরে অপরূপ শোভা দিত। এখন শ্মশান হয়ে গেছে।’