নতুন চিকিত্সকদের পদায়ন কাল
৩৩তম বিসিএস পরীক্ষার মাধ্যমে নিয়োগ পাওয়া ৬ হাজার ৮৯ জন নতুন চিকিত্সকের পদায়ন আদেশ আগামীকাল বুধবার জারি করা হবে।
কাল বিকেলে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয় এবং স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইটে এই আদেশ প্রকাশ করা হবে।
বাসসের এক খবরে এ কথা জানানো হয়েছে।
পদায়ন পাওয়া চিকিত্সকদের সাত দিনের মধ্য নিজ নিজ কর্মস্থলে যোগ দিতে হবে।
৩৩তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ ৬ হাজার ৮৯ জন চিকিত্সক ৭ আগস্ট বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে গিয়ে যোগদান করেন। যোগদানের জন্য ৬ হাজার ১৫১ জন চিকিত্সকের নামে প্রজ্ঞাপন জারি হলেও ৬২জন যোগদান করেননি।
এদিকে নবনিযুক্ত চিকিত্সকসহ সব চিকিত্সক কর্মস্থলে থেকে নিয়মিত রোগীদের সেবা দিচ্ছেন কি না, তা মনিটরিং করতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আইয়ুবুর রহমানকে প্রধান করে সাত সদস্যের কমিটি গঠন করা হয়েছে।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম এ প্রসঙ্গে বাসসকে বলেন, সুস্পষ্ট কয়েকটি নীতিমালার ভিত্তিতে, স্বচ্ছতার সঙ্গে চিকিত্সকদের পদায়ন করা হয়েছে। কোনো ধরনের তদবির শোনা হয়নি। গ্রামের দরিদ্র মানুষ যাতে সেবা পায়, সেই দিকে লক্ষ্য রেখে নতুন এই চিকিত্সকদের পদায়ন করা হয়েছে।
মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার’ যে নির্বাচনী অঙ্গীকার করেছিলেন তা পূরণের লক্ষ্যেই এত চিকিত্সক নিয়োগ দেওয়া হয়েছে। এ নিয়োগ সম্পন্ন হলে দেশের হাসপাতাল বা স্বাস্থ্যকেন্দ্রগুলোতে আর কোনো চিকিত্সকের অভাব থাকবে না। স্বাস্থ্যসেবা পেতে আর গ্রামাঞ্চলের সাধারণ মানুষকে শহর অভিমুখে ছুটতে হবে না।
জানা গেছে, নীতিমালার মধ্য রয়েছে, নতুন নিয়োগপ্রাপ্ত চিকিত্সকদের যে স্থানে যোগদান করতে বলা হবে আগামী দু বছর বাধ্যতামূলক তাঁদের সেই স্থানে থেকেই সাধারণ মানুষকে চিকিত্সাসেবা দিতে হবে। দু বছরের আগে তাঁরা নিজ কর্মস্থল থেকে বদলি হতে পারবেন না। এ ক্ষেত্রে কোনো সুপারিশও গ্রহণযোগ্য হবে না।
চিকিত্সকদের তাঁদের ইচ্ছানুযায়ী নিজ জেলা-উপজেলায় পোস্টিং দেওয়া হয়েছে এবং যদি স্বামী ও স্ত্রী দু জনই চিকিত্সক হন, তাঁদের এক জায়গায় পোস্টিং বা পাশাপাশি পোস্টিং দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।