নতুন চিনি রাখার জায়গা নেই পঞ্চগড় চিনিকলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের অন্যতম চিনি উৎপাদনকারী প্রতিষ্ঠান পঞ্চগড় চিনিকলে গতকাল শুক্রবার থেকে ২০১৩-১৪ মৌসুমের আখ মাড়াই শুরু হয়েছে। গত বছরের প্রায় ৩০ কোটি টাকার পাঁচ হাজার ৯৩১ মেট্রিক টন চিনি অবিক্রীত রেখেই আবার উৎপাদন শুরু করল চিনিকলটি।
এদিকে অর্থাভাবে অবসরপ্রাপ্ত কর্মীদের পাওনা মেটাতে না পেরে টাকার পরিবর্তে তাঁদের চিনি গছানো হচ্ছে বলে জানা গেছে। চিনিকল সূত্র জানায়, এবার এখানে পাঁচ হাজার ২৫০ মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে।
মিলের ব্যবস্থাপনা পরিচালক এস এম আবদুর রশীদ জানান, ছয় হাজার মেট্রিক টন ধারণক্ষমতার এই গুদামে এখনো পাঁচ হাজার মেট্রিক টন চিনি মজুত আছে। অবিক্রীত এই চিনির দাম প্রায় ৩০ কোটি টাকা। ফলে এবার নতুন চিনি রাখতে জায়গার সংকট হতে পারে।
ডিলাররা জানান, বাজারে চিনি বিক্রি হচ্ছে ৪৬-৪৮ টাকা কেজি দরে। সেখানে এই চিনিকল থেকে ৫০ টাকা কেজি দরে চিনি তুলতেই হয়। তাই তাঁরা এখান থেকে চিনি তুলছেন না। চিনি অবিক্রীত থাকায় মিলের অবসরপ্রাপ্ত ৬৭ কর্মকর্তা-কর্মচারীর প্রাপ্য পাওনা মেটাতে পারছে না কর্তৃপক্ষ। এঁদের মধ্যে কেউ কেউ অবসর ভাতার বিপরীতে চিনি তুলেছেন।