বাঙালির নিজেদের ইতিহাস ও ঐতিহ্য ধারণের ওপর জোর দিয়েছেন নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন। তিনি বলেন, ‘নতুন চিন্তার মধ্যেও অতীতের ঐতিহ্য থাকতে হবে।’ প্রথম বিশ্ব বাঙালি সম্মেলনের দ্বিতীয় দিনে গতকাল সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে এক সেমিনারে তিনি এসব কথা বলেন। সেমিনারে তিনি ‘বাংলা সভ্যতার কয়েকটি দিক’ শিরোনামে মূল প্রবন্ধ পাঠ করেন। এতে সভাপতিত্ব করেন অধ্যাপক রেহমান সোবহান।অমর্ত্য সেন তাঁর প্রবন্ধে বলেন, ‘কোনো বাঙালি যদি বাংলা ভাষায় কথা বলতে না পারে, সেটা তাঁর ক্ষতি। আমি বাংলা ভাষায় কথা বলি, কারণ আমি বাংলায় কথা বলে আনন্দ পাই। বাংলা আমার জীবনের অংশ।’আরও দুটি সেমিনার: গতকাল সকাল ১০টায় আরেকটি সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিশ্বভারতীর সহ-উপাচার্য উদয় নারায়ণ সিংহ। তিনি বলেন, বাংলা হয়তো ভাগ হয়েছে কিন্তু বাংলা ভাষা ভাগ হয়নি। কারণ মাতৃভাষা কোনো কাঁটাতারের বেড়ায় আটকে দেওয়া যায় না। এই সেমিনারের সভাপতি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক।বেলা দুইটায় অনুষ্ঠিত সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সাংবাদিক আবদুল গাফ্ফার চৌধুরী। এতে সভাপতিত্ব করেন ড. অনুপম সেন। পৃথিবীর বিভিন্ন দেশে বসবাসরত বাঙালি জনগোষ্ঠী, বাংলা ভাষা, সাহিত্য, সংস্কৃতি ও ঐতিহ্যের অনুসারীদের নিয়ে সোমবার শুরু হয় তিন দিনের এ সম্মেলন।