আজ কোথাও প্রকৃত ছাত্র আন্দোলন নেই। শিক্ষাঙ্গনে নৈরাজ্য চলছে। ছাত্ররা হল দখল, টেন্ডারবাজি, ব্যবসা-বাণিজ্যে ব্যস্ত। শিক্ষার বাণিজ্যিকীকরণ চলছে। এ অবস্থার পরিবর্তন ঘটাতে হবে। ছাত্ররাজনীতিতে সুস্থ ধারা ফিরিয়ে আনার নতুন চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে ছাত্রসমাজকে। বাংলাদেশ ছাত্র ইউনিয়নের ৬০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রামে আয়োজিত আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেছেন।গতকাল শুক্রবার বিকেলে নগরের মুসলিম হলে আলোচনা সভার আয়োজন করে প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন কমিটি। আলোচনা সভায় সভাপতিত্ব করেন উদ্যাপন কমিটির সভাপতি ও সাবেক ছাত্রনেতা আবু তাহের মাসুদ।বক্তব্য দেন ছাত্র ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি পঙ্কজ ভট্টাচার্য, সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, সাবেক ছাত্র ইউনিয়ন নেতা হায়দার আকবর খান রনো, সাবেক ছাত্র ইউনিয়ন নেতা ও প্রথম আলোর আবাসিক সম্পাদক আবুল মোমেন ও ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সভাপতি ফেরদৌস আহমেদ।আলোচনা সভায় বক্তারা ছাত্র ইউনিয়নের গৌরবময় ঐতিহ্য তুলে ধরে বলেন, ছাত্র ইউনিয়ন ছিল স্বপ্নের সংগঠন। বাংলাদেশের গতিপথ নির্ধারণ করেছে ছাত্র ইউনিয়ন। বাংলাদেশকে জানতে হলে ছাত্র ইউনিয়নকে জানতে হবে। তারাই ছাত্রসমাজের শিক্ষা-সাংস্কৃতিক অধিকার আদায়ে সোচ্চার থেকেছে বরাবর। সেই হিসেবে আদর্শভিত্তিক এ রাজনৈতিক সংগঠনের প্রয়োজনীয়তা কখনো ফুরাবে না। চলমান রাজনৈতিক পরিস্থিতি বিশ্লেষণ করে বক্তারা বলেন, দেশে বর্তমানে রাজনৈতিক শূন্যতার সংকট সৃষ্টি হয়েছে। বড় দলগুলোর লক্ষ্য ক্ষমতা দখল। এ নিয়ে তাদের মধ্যে যত দ্বন্দ্ব-সংঘাত। কিন্তু আজ দেশে সেই রাজনীতির চর্চা প্রয়োজন, যেখানে মানুষের কথা ভাবা হবে, মানুষের ভবিষ্যতের কথা ভাবা হবে। আলোচনার শুরুতে ছাত্র ইউনিয়নের প্রয়াত সাবেক নেতা-কর্মীদের স্মরণে এক মিনিট দাঁড়িরে নীরবতা পালন করা হয়। শোক প্রস্তাব পাঠ করেন সাবেক নেতা কানাই দাশ।দিনব্যাপী অনুষ্ঠানে অন্যান্য আয়োজনের মধ্যে ছিল স্মৃতিচারণা, ছাত্র ইউনিয়নের সমর্থক মুক্তিযোদ্ধাদের সম্মাননা, কুইজ প্রতিযোগিতায় বিজয়ী বিদ্যালয়ের শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ ইত্যাদি। সকালে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন করেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সংগঠক বেলাল মোহাম্মদ। এতে শুভেচ্ছা বক্তব্য দেন শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুশতারী শফি, ছাত্র ইউনিয়নের সাবেক নেতা পঙ্কজ ভট্টাচার্য, মুজাহিদুল ইসলাম সেলিম, হায়দার আকবর খান রনো, শাহ আলম, উত্তম চৌধুরী প্রমুখ।পরে শহীদ মিনার থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। বিকেলে সাবেক ছাত্রনেতা শাসসুজ্জামানের সভাপতিত্বে স্মরণসভায় বক্তব্য দেন চট্টগ্রামের সাবেক ছাত্র ইউনিয়ন নেতা শাহ আলম, হরিসাধন দেববর্মণ, ফরহাদ হোসেন, এ কিউ এম সিরাজুল ইসলাম, ফরিদ উদ্দিন চৌধুরী, মোহাম্মদ আলাউদ্দিন প্রমুখ। প্রতিষ্ঠাবার্ষিকীর ঘোষণাপত্র পড়ে শোনান ছাত্র ইউনিয়ন চট্টগ্রাম জেলা কমিটির সভাপতি তৌহিদ টিপু।