নতুন জনবল-কাঠামো নিয়ে কাজ শুরু করছে বিটিসিএল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী জুনে ঠিক হবে বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) সাড়ে ১২ হাজার কর্মকর্তা-কর্মচারীদের ভবিষ্যত্।ইতিমধ্যে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ে প্রতিষ্ঠানটির ২৮তম বোর্ড সভায় পাস হয়েছে আট হাজার ৭০৩টি পদের প্রস্তাব। অথচ এখনই প্রতিষ্ঠানের স্থায়ী পদে মোট নয় হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারী কাজ করছেন। আর অস্থায়ী বা মাস্টাররোলে আছেন আরও প্রায় সাড়ে চার হাজার। বিটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক এস এম খাবীরুজ্জামান প্রথম আলোকে বলেন, আগামী জুলাই থেকেই নতুন জনবল-কাঠামো (অর্গানোগ্রাম) অনুযায়ী আট হাজার ৭০৩টি পদে নতুন নিয়োগ হবে। প্রত্যেকেই নতুন বেতন কাঠামো অনুযায়ী (পে-স্কেলে) বেতন পাবেন। আর জুলাই থেকেই পুরোপুরি কোম্পানি আইনের আওতায় বিটিসিএল চলবে।নিয়োগ-প্রক্রিয়া বা বিটিসিএলের বর্তমান লোকবল স্থানান্তর নিয়ে প্রশ্নের জবাবে খাবীরুজ্জামান বলেন, ‘সৃষ্ট পদের চেয়ে মাত্র ৭০০ লোক বেশি রয়েছে। জুলাই আসতে আসতে এদের অনেকেই অবসর গ্রহণ করবেন। তাই খুব একটা চিন্তার কিছু নেই। আর কোম্পানির জন্য নিয়োগপ্রাপ্ত লোকেরা সবাই সরকারি চাকরি থেকে অবসর গ্রহণ করে কোম্পানিতে যোগদান করবেন।’জানা গেছে, বিটিসিএলে অস্থায়ী নিয়োগপ্রাপ্তরাও আছেন। উল্লেখ্য, ২০০৮ সালে কোম্পানি গঠনের সময় তত্কালীন টেলিযোগাযোগসচিব মো. ইকবাল মাহমুদ বলেছিলেন, ‘বিটিটিবির মোট ১২ হাজার ৬৩৬ জনকে বিটিসিএলে নেওয়ার জন্য ১২ হাজার ৬৩৬টি সুপারনিউমারি পদ সৃজন করে সব কর্মকর্তা ও কর্মচারীর সরকারি চাকরির সুযোগ-সুবিধা নিশ্চিত করা হয়েছে।’ এই সুপারনিউমারি পদের মেয়াদ ছিল দুই বছর। আর তা শেষ হচ্ছে চলতি বছরের জুনে।বাংলাদেশ টিঅ্যান্ডটি শ্রমিক-কর্মচারী ফেডারেল ইউনিয়নের সাধারণ সম্পাদক আবদুল মুকিত অভিযোগ তুলে বলেন, ‘এত বছর টিঅ্যান্ডটিতে কাজ করেছি। এখন চাকরি থাকবে না চলে যাবে, কিছুই জানি না।’নাম প্রকাশে অনিচ্ছুক ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন একজন কর্মকর্তা জানান, শ্রমিকদের বিভিন্ন ধরনের মোট ২৮ দফা দাবি রয়েছে। এর মধ্যে চাকরির নিশ্চয়তা অন্যতম। কর্মকর্তা-কর্মচারীদের ‘গোল্ডেন হ্যান্ডশেক’ বা এককালীন টাকা দেওয়ার বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের অনুমোদন পেতে হবে। এ ছাড়া আরও বিভিন্ন রকমের জটিলতা রয়েছে। এগুলো পার হতে গেলে কমপক্ষে দুই বছর সময় লাগবে।এ বিষয়ে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী রাজিউদ্দিন আহমেদ বলেন, ‘বিষয়টি খুব সহজ নয়। প্রথমে কোনো একটি মন্ত্রণালয়ের অধীনে আলাদা একটি বিভাগ (ডিপার্টমেন্ট অব টেলিকম) করতে হবে। সেটা সংসদে পাস করাতে হবে। তারপর আরও নিয়মতান্ত্রিক জটিলতা তো রয়েছেই।’ তবে সবার জন্য ‘কিছু একটা’ ব্যবস্থা হবে বলে তিনি আশ্বাস দেন।অস্থায়ী সাড়ে চার হাজার কর্মকর্তা-কর্মচারীর প্রসঙ্গে এস এম খাবীরুজ্জামান বলেন, ‘ওরা অস্থায়ী হিসেবেই থাকবে। অর্গানোগ্রামের মধ্যে কেউ অবসর গ্রহণ করলে বা চাকরি ছেড়ে দিয়ে যোগ্যতা অনুযায়ী অস্থায়ীদের ওই সব খালি পদে নিয়োগ দেওয়া হবে।’তত্ত্বাবধায়ক সরকারের সময়ে ২০০৮ সালের ৩০ জুন বাংলাদেশ তার ও টেলিফোন বোর্ডকে (বিটিটিবি) ভেঙে বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেড (বিটিসিএল) এবং বাংলাদেশ সাবমেরিন কেব্ল কোম্পানি লিমিটেড (বিএসসিসিএল) গঠনের ঘোষণা দেওয়া হয়।বর্তমানে বিটিসিএলের সম্পদের পরিমাণ প্রায় ৪০ হাজার কোটি টাকা বলে জানিয়েছেন বিটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক। তিনি আশা করেন, লাভের অংশ আরেকটু বাড়লে পর্যায়ক্রমে পুঁজিবাজারে বিটিসিএলের শেয়ার ছাড়া হবে।